চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম

আপডেট : ২৮ জুলাই ২০২৬, ০৮:৫৪

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য (ভাইস চ্যান্সেলর) হিসেবে নিয়োগ পেয়েছেন যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম।

সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে এ নিয়োগের তথ্য জানানো হয়।

অধ্যাপক ড. সায়েম বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়ার স্থলাভিষিক্ত হচ্ছেন। বর্তমানে তিনি চুয়েটের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান এবং চুয়েট শিক্ষক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক ও একাডেমিক কমিটিতে দায়িত্ব পালনের পাশাপাশি দেশি-বিদেশি বিভিন্ন প্রকৌশল সংগঠনের ফেলো ও সদস্য হিসেবেও যুক্ত রয়েছেন।

যুগ্ম সচিব কাজী নুরুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩-এর ১০ (১) ধারা অনুযায়ী অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ—যেটি আগে হবে, তত দিন পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন। উপাচার্য হিসেবে তিনি তার মূল পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা ভোগ করবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে। এ ছাড়া প্রয়োজন মনে করলে রাষ্ট্রপতি ও আচার্য যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

চুয়েটের যন্ত্রকৌশল বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করার পর ২০০৫ সালে একই বিভাগের প্রভাষক হিসেবে শিক্ষকতা শুরু করেন তিনি। প্রায় দুই দশকের বেশি সময় ধরে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও গবেষণায় যুক্ত রয়েছেন।

উচ্চশিক্ষার জন্য তিনি জাপানের হোক্কাইডো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং অস্ট্রেলিয়ার সিকিউ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করেন। পিএইচডি শেষে অস্ট্রেলিয়ার একটি খ্যাতনামা মাইনিং কোম্পানিতে মেকানিক্যাল ডিজাইন ইঞ্জিনিয়ার হিসেবে কাজের সুযোগ পেলেও দেশের উচ্চশিক্ষা ও শিক্ষার্থীদের কল্যাণে সেই সুযোগ ছেড়ে দেশে ফিরে শিক্ষকতায় আত্মনিয়োগ করেন।

গবেষণা ক্ষেত্রে অধ্যাপক ড. সায়েমের আগ্রহের বিষয়গুলোর মধ্যে রয়েছে STEM ও উদ্ভাবন, পরিচ্ছন্ন ও টেকসই জ্বালানি, ডিকার্বনাইজেশন, গ্রিন হাইড্রোজেন, নবায়নযোগ্য জ্বালানি, এনার্জি কনভার্সন সিস্টেম, ওয়েস্ট-টু-এনার্জি, বায়োফুয়েল এবং জলবায়ু পরিবর্তন। দেশি ও আন্তর্জাতিক বিভিন্ন জার্নালে তার একাধিক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। পাশাপাশি তার তত্ত্বাবধানে ও সহযোগিতায় অনেক শিক্ষার্থী বিদেশে উচ্চশিক্ষা ও চাকরির সুযোগ পেয়েছেন।

নতুন দায়িত্ব প্রসঙ্গে অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম বলেন, বিদেশে থেকে হয়তো ব্যক্তিগতভাবে আরও অনেক কিছু অর্জন করা সম্ভব ছিল। কিন্তু যে বিশ্ববিদ্যালয় আমাকে প্রকৌশলী হিসেবে গড়ে তুলেছে, তার জন্য কাজ করতে পারাই সবচেয়ে বড় অর্জন।

তিনি বলেন, শিক্ষার্থীদের পাশে থেকে চুয়েটকে বিশ্বমানের উচ্চশিক্ষা ও গবেষণার কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করতে এবং বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নিতে তিনি কাজ করতে চান। এ লক্ষ্যে তিনি চুয়েট পরিবারের সকলের সহযোগিতা কামনা করেন।

ইত্তেফাক/এসজেএস