বিশ্বকাপের ফাইনালের স্পেনের কাছে ১-০ গোলে হারে আর্জেন্টিনা। এরপর ট্রফি প্রদান অনুষ্ঠানে পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় আলবিসেলেস্তেদের। যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। এই বিষয়ে এবার মুখ খুলেছেন আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মাটিনেজ।
স্পেনের জয়কে খাটো করার কোনো উদ্দেশ্য ছিল না জানিয়ে মার্টিনেজ বলেন, ‘যে ছবিতে আমাদের পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে, সেটি মূলত আমাদের সমর্থকদের সঙ্গে গান গাওয়ার মুহূর্ত ছিল। মাঠের ভ্রমণকারী আর্জেন্টাইন সমর্থকদের প্রতি সম্মান জানাতেই আমরা সেখানে দাঁড়িয়েছিলাম এবং তাদের ফেলে চলে যাওয়া সম্ভব ছিল না। ম্যাচ শেষে আমরা স্প্যানিশ খেলোয়াড় ও কোচিং স্টাফদের সাথে করমর্দন করেছি এবং অভিনন্দন জানিয়েছি।’
পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকায় অনেকে আর্জেন্টাইনদের অহংকারী বলেছে। এ প্রসঙ্গে মার্টিনেজ বলেন, ‘এ ধরনের ভিত্তিহীন ঘৃণা তৈরি করা আমাকে কিছুটা ক্ষুব্ধ করে। তারা আমাদের অহংকারী বলে, কিন্তু এটি হয়তো আমাদের চেয়ে তাদের মানসিকতাই বেশি প্রকাশ করে। আমরা সবসময় প্রতিপক্ষের প্রতি শ্রদ্ধাশীল।’
এদিকে কোচ লিওনেল স্কালোনিও তার দলের খেলোয়াড়দের আচরণের পক্ষে দাঁড়িয়েছেন। তিনি বলেন, ‘আমরা পরাজয় মেনে নিয়েছি। ছেলেরা মাঠে তাদের সর্বস্ব দিয়ে খেলেছে। হেরে যাওয়ার পর আবার উঠে দাঁড়ানোটাই বড় কথা। আজ আমার দল দেখিয়েছে কীভাবে সম্মানজনকভাবে পরাজয় মেনে নিতে হয়।’

