নেতানিয়াহুর বিরুদ্ধে ট্রাম্পকে ইসরায়েলি কর্মকর্তাদের চিঠি

আপডেট : ২৮ জুলাই ২০২৬, ১২:০২

অধিকৃত পশ্চিম তীরে ‘দখলদারদের সন্ত্রাস’ বন্ধ ও নেতানিয়াহুর ওপর চাপ সৃষ্টি করতে ডোনাল্ড ট্রাম্পের কাছে চিঠি দিয়েছে ইসরায়েলের কয়েক শত সাবেক কর্মকর্তা।

ইসরায়েলের সামরিক বাহিনী, শিন বেট অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা, মোসাদ গোয়েন্দা সংস্থা, পুলিশ এবং কূটনৈতিক কোরের প্রায় ৬০০ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তার সংগঠন কমান্ডার্স ফর ইসরায়েলস সিকিউরিটি এই চিঠির উদ্যোগ নেয়। মঙ্গলবার (২৮ জুলাই) হোয়াইট হাউসে নেতানিয়াহু ও ট্রাম্পের বৈঠকের আগে সোমবার তাদের পক্ষ থেকে ইসরায়েলের সাবেক ডেপুটি চিফ অব স্টাফ মাতান ভিলনাই চিঠিতে সই করে তা ট্রাম্পের কাছে পাঠান।

চিঠিতে উল্লেখ করা হয় যে পশ্চিম তীরের সহিংসতা দ্রুত ও দৃঢ়ভাবে থামানো না গেলে তা মারাত্মক পরিণতিসহ আঞ্চলিক সংকট তৈরি করতে পারে। চিঠিতে সাবেক কর্মকর্তারা আরও জানান যে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সক্রিয় থাকলেও তথাকথিত ‘ইহুদি দখলদারদের সন্ত্রাস’ মোকাবেলায় নানা বাধার মুখে পড়ছে, যার জন্য ইসরায়েল সরকারের সদস্যরা আইন থেকে তাদের দায়মুক্তি দিয়ে অনেকাংশে দায়ী।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে পশ্চিম তীরে ফিলিস্তিনি ও তাদের সহায়-সম্পত্তির ওপর ইসরায়েলিদের হামলা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। বর্তমানে পূর্ব জেরুজালেমসহ অধিকৃত পশ্চিম তীর জুড়ে ১৫৬টি বসতি ও ৩৬০টি আউটপোস্টে প্রায় ৭ লাখ ৫০ হাজার ইসরায়েলি বাস করছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

ইত্তেফাক/টিএইচ