‘ষড়যন্ত্র তত্ত্ব’ উড়িয়ে দিলেন আর্জেন্টিনার ভিডিও অ্যানালিস্ট

আপডেট : ২৮ জুলাই ২০২৬, ১৪:৩১

২০২৬ বিশ্বকাপের সোনালি ট্রফি উঠেছে স্পেনের হাতে। ফাইনালে স্প্যানিশদের কাছে ১-০ গোলে হেরে যায় আর্জেন্টিনা। ফাইনাল হওয়ার এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও তার উত্তাপ রয়ে গেছে। সদ্য সমাপ্ত আসরের ফাইনাল ঘিরে নানা ষড়যন্ত্র তত্ত্বের গুঞ্জন থাকলেও বরাবরই তেমন দাবি উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনার কর্তৃপক্ষ। এবার ফাইনাল নিয়ে মুখ খুললেন লিওনেল স্কালোনির সহকারী ও ভিডিও অ্যানালিস্ট মাতিয়াস মানা। 

আর্জেন্টিনা জাতীয় দলের ভিডিও অ্যানালিস্ট মাতিয়াস জানিয়েছেন, বিশ্বকাপ ফাইনালে স্পেনই যোগ্য দল হিসেবে জিতেছে। একই সঙ্গে এই ম্যাচ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব ‘ষড়যন্ত্র তত্ত্ব’ ছড়ানো হচ্ছে, তা সরাসরি নাকচ করে দিয়েছেন তিনি।

রেডিও চ্যানেল ‘উর্বানা প্লে’-র ‘ভুয়েলতাই মেদিয়া’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে মাতিয়াস বলেন, ‘আমি ফাইনাল ম্যাচটি আরও দু-তিনবার দেখেছি। ২০২২ সালেও আমার একই অনুভূতি হয়েছিল। সেবার যেমন অতিরিক্ত সময়ের খেলা দেখিনি, এবারও দেখি না। কারণ অতিরিক্ত সময়ে অনেক কিছুই ঘটে যায়, যা খুবই আবেগঘন। সেখানে কৌশলের চেয়ে আবেগ বেশি কাজ করে, আর আমি মূলত কৌশলই খোঁজার চেষ্টা করি। এই ম্যাচে স্পেন সত্যিই অনেক বেশি প্রাধান্য বিস্তার করে খেলেছিল।’

তিনি আরও বলেন, ‘ম্যাচটিতে স্পেন হয়তো আধিপত্য দেখিয়েছে, তবে আর্জেন্টিনা যে ফুটবল খেলে ফাইনালে উঠেছে, সেটাই তাদের আসল পরিচয়। পাসভিত্তিক ফুটবলের যে আর্জেন্টাইন শৈলী রয়েছে, আশা করি আগামী ১৫ বছর পরও এ দেশের তরুণ ফুটবলারেরা এই ধারা ধরে রাখবে। আমাদের বয়সভিত্তিক দলের তরুণেরা এখন এভাবেই খেলছে।’

এ দিকে নানা গুঞ্জন ও ষড়যন্ত্র তত্ত্ব উড়িয়ে দিয়ে মাতিয়াস বলেন, ‘হারের পর সাধারণত এ ধরনের ঘটনা ঘটে অথবা মানুষ নতুন কিছু সন্দেহ করতে শুরু করে। বিশেষ করে আজকের সোশ্যাল মিডিয়ায় প্রতি মুহূর্তের সবকিছু রেকর্ড করা হয়। কেউ কোনো কথা বললেই সেটাকে বিকৃত করা শুরু হয়। তবে বাস্তবতা হলো, মাঠে যা হওয়ার তা-ই হয়েছে। যে দল ওই ম্যাচে ভালো খেলেছে, আমাদের উচিত তাদের অভিনন্দন জানানো এবং সামনে এগিয়ে যাওয়া।’

ইত্তেফাক/জেডএইচ