যশোর-৪ আসনের সংসদ সদস্য গোলাম রছুলের মেয়ে মেহজাবিন জান্নাত অনন্যা সিজোফ্রেনিয়ায় আক্রান্ত এবং এ রোগের জন্য দীর্ঘদিন ধরে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছে জামায়াতের মিডিয়া উইং।
মঙ্গলবার (২৮ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সংগঠনটি জানায়, অনন্যা বাংলাদেশ ও ভারতের হায়দরাবাদে বিভিন্ন মনোরোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে চিকিৎসা নিয়েছেন।
জামায়াত মিডিয়া উইংয়ে দেওয়া স্ট্যাটাসে বলা হয়, একজন মানসিক রোগে আক্রান্ত নারীর বিরুদ্ধে মব উসকে দেওয়া হচ্ছে এবং তার বাসায় হামলা চালানো হচ্ছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের ইন্ধনে। পাশাপাশি সোশ্যাল মিডিয়াজুড়ে চলছে টার্গেটেড অপপ্রচার।
মেহজাবিন জান্নাত অনন্যার চিকিৎসা সংক্রান্ত কিছু নথি ওই পোস্টের সঙ্গে সংযুক্ত করা হয়।
এদিকে নিজের ফেসবুক পেজে এক ভিডিওবার্তায় এমপি গোলাম রছুল বলেন, মাদ্রাসায় যাতায়াতের রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ আছে। রাস্তাটি তাদের টাকা দিয়ে কেনা। সেটি সবসময় সচল রাখতে হবে। এটা নিয়ে তার মেয়ের সঙ্গে মাদ্রাসার শিক্ষার্থী ও হুজুরদের কথা–কাটাকাটি হয়।
এমপি গোলাম রসুল তার মেয়েকে মানসিক রোগী দাবি করে বলেন, ভারতের হায়দরাবাদ ও দেশের বিভিন্ন হাসপাতালে নিয়ে তার চিকিৎসা করানো হয়েছে। নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি ভীত, সন্ত্রস্ত। নিরাপত্তাহীনতায় ভুগছি। গানপাউডার এনে রেখেছে। যেকোনো সময় আমার বাড়িতে আগুন দেওয়া হতে পারে।’
এর আগে, সকাল ১০টার দিকে অনন্যার বেপরোয়া আচরণ ও স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থীদের মারপিটের অভিযোগে যশোর শহরের নীলগঞ্জ সুপারি বাগান এলাকায় এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ ও ভাঙচুর করে বিক্ষুদ্ধকারীরা।
এ সময় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলে পুলিশের তৎপরতায় বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়া হয়। বাড়ির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

