আশুলিয়ায় পরিত্যক্ত কুয়া থেকে যুবকের মরদেহ উদ্ধার

আপডেট : ২৮ জুলাই ২০২৬, ১৯:৫০

সাভারের আশুলিয়ায় একটি পরিত্যক্ত কুয়া থেকে মেহেদী হাসান (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে আশুলিয়ার চারাবাগ উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মেহেদী হাসানের গ্রামের বাড়ি বরিশাল জেলার মুলাদী উপজেলায়। তিনি আশুলিয়ায় একটি বাড়ির কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে অসাবধানতাবশত মেহেদী হাসান একটি পরিত্যক্ত কুয়ার ভেতরে পড়ে যান। পরে স্থানীয়রা বিষয়টি জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসকে জানালে একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আহমেদুল কবির জানান, সকাল ১০টার দিকে খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় দুই ঘণ্টার উদ্ধার অভিযান শেষে কুয়ার ভেতর থেকে মেহেদী হাসানকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, পরিত্যক্ত কুয়ার ভেতরে সাধারণত বিষাক্ত গ্যাস জমে থাকে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দীর্ঘ সময় কুয়ার ভেতরে আটকে থাকায় বিষাক্ত গ্যাসের প্রভাবে তার মৃত্যু হয়েছে।

ইত্তেফাক/এমএএম