পুকুরে গোসলে গিয়ে প্রাণ গেল চুয়েট শিক্ষার্থীর, শোকে স্তব্ধ ক্যাম্পাস

আপডেট : ২৯ জুলাই ২০২৬, ০৪:৫৯

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) যন্ত্রকৌশল বিভাগের ২০২১ ব্যাচের শিক্ষার্থী অর্ণব সাহা ফুটবল খেলা শেষে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা গেছেন। মঙ্গলবার (২৮ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে নগরীর এভারকেয়ার হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় চুয়েট ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত অর্ণব সাহার বাড়ি ফেনী জেলায়। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে চুয়েটের কেন্দ্রীয় খেলার মাঠে সহপাঠীদের সঙ্গে ফুটবল খেলার পর তিনি কাজী নজরুল ইসলাম হল-সংলগ্ন পুকুরে গোসল করতে নামেন। একপর্যায়ে সহপাঠীদের অগোচরে তিনি পানিতে তলিয়ে যান।

চুয়েটের ছাত্রকল্যাণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাসুম রানা প্রামাণিক জানান, অর্ণব ৪ থেকে ৫ জন সহপাঠীর সঙ্গে পুকুরে নেমেছিলেন। ধারণা করা হচ্ছে, পা পিছলে গভীর পানিতে পড়ে যান তিনি। সাঁতার না জানায় দ্রুত পানির নিচে তলিয়ে যান। সহপাঠীরা বিষয়টি টের পেয়ে সঙ্গে সঙ্গে খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় আধা ঘণ্টা পর তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।

পরে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অ্যাম্বুল্যান্সে করে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন চুয়েটের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম। এক শোকবার্তায় তিনি বলেন, ‘যন্ত্রকৌশল বিভাগের ’২১ ব্যাচের মেধাবী ছাত্র অর্ণব সাহার পুকুরে ডুবে অকাল প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। কয়েক মাস পরই যার প্রকৌশলী হিসেবে নতুন জীবন শুরু করার কথা ছিল, সে আজ আমাদের কাঁদিয়ে চলে গেল। চুয়েট পরিবারের পক্ষ থেকে তার আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

অর্ণব সাহার আকস্মিক মৃত্যুতে শিক্ষক, সহপাঠী ও বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের মধ্যে গভীর শোকের আবহ বিরাজ করছে।

ইত্তেফাক/এনএন