হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিয়ন্ত্রণ ভাগাভাগি সংক্রান্ত ওমানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। একই সঙ্গে প্রণালির ওমান অংশের নৌপথেও ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখার পাল্টা প্রস্তাব দিয়েছে তেহরান। খবর আল-জাজিরার।
ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ওমানের পক্ষ থেকে হরমুজ প্রণালির ট্রানজিট রুট দুই দেশের মধ্যে সমানভাবে ভাগ করে পরিচালনার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে ইরান এই প্রস্তাব গ্রহণ করেনি।
তার ভাষ্য, ওমানের পরিকল্পনা অনুযায়ী একটি নৌপথের অর্ধেক অংশ ইরানের আঞ্চলিক জলসীমা এবং বাকি অর্ধেক ওমানের জলসীমার মধ্যে থাকবে। সে ক্ষেত্রে জাহাজ ইরানের জলসীমা দিয়ে প্রবেশ করে ওমানের জলসীমা দিয়ে প্রণালি ত্যাগ করবে।
ঘারিবাবাদি বলেন, তেহরান বিকল্প হিসেবে এমন একটি ব্যবস্থা প্রস্তাব করেছে, যাতে ট্রানজিট রুটের একটি অংশ ইরানের জলসীমার মধ্যে থাকবে এবং ওমানের জলসীমায় থাকা নৌপথের অংশও ইরানের তত্ত্বাবধানে পরিচালিত হবে।
তিনি আরও বলেন, ওমান যদি এ প্রস্তাব গ্রহণ না করে, তাহলে হরমুজ প্রণালিতে নৌ চলাচল বন্ধ রাখার অবস্থানেই থাকবে ইরান।

