ধামরাইয়ে ডাম্প ট্রাকের চাপায় প্রাণ গেলো দুই স্কুলছাত্রের

আপডেট : ৩০ জুলাই ২০২৬, ০৮:৫০

ঢাকার ধামরাইয়ে মাটিবাহী একটি ডাম্প ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী মহিম (১৪) ও অনিক (১৫) নামে দুই স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আরও এক কিশোর গুরুতর আহত হয়েছে।

বুধবার (২৯ জুলাই) বিকেলে ধামরাই পৌরসভার আইঙ্গন সেতু এলাকায় ধামরাই-কালিয়াকৈর বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের লাড়ুয়াকুণ্ডু এলাকার মোহাম্মদ আলীর ছেলে মহিম ও একই এলাকার রুবেল হোসেনের ছেলে অনিক। তারা সাভার ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থী। আহত আতাউল্লাহ (১৭) কুল্লা ইউনিয়নের কাতর বাইল্লা গ্রামের আবু তালেবের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে একটি মাটিবাহী ডাম্প ট্রাক আইঙ্গন সেতু এলাকা দিয়ে কালিয়াকৈরমুখী লেন দিয়ে যাচ্ছিল। এ সময় একটি সিএনজি অটোরিকশা ট্রাকটিকে ওভারটেক করার চেষ্টা করে। অটোরিকশার পেছনে থাকা তিন আরোহী নিয়ে একটি মোটরসাইকেলও ট্রাকটিকে ওভারটেক করতে গেলে সেটি ট্রাকের সামনে চলে আসে। তখন ডাম্প ট্রাকটি পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলসহ তিন আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। 

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মহিম ও অনিককে মৃত ঘোষণা করেন। আহত আতাউল্লাহ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ধামরাই থানার উপপরিদর্শক নান্নু মণ্ডল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মাটিবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ স্কুলছাত্র নিহত হয়েছে। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ইত্তেফাক/এমএসআর