নরেন্দ্র মোদি ইনফ্লুয়েন্সার হিসেবে ভালো করছেন। এ কারণে তার প্রধানমন্ত্রীর চেয়ার ছেড়ে দেওয়া উচিত-এমনটাই মন্তব্য করেছেন ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা সভাপতি অভিজিৎ দীপকে। বুধবার (২৯ জুলাই) মহারাষ্ট্রে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, যুবকদের উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে প্রকাশিত প্রধানমন্ত্রী মোদির ভিডিওগুলোর সমালোচনা করে অভিজিৎ বলেন, ‘আমি মনে করি তার ইনফ্লুয়েন্সার হয়ে যাওয়া উচিত। তিনি এতে বেশ ভালোই করছেন।’
সিজেপির প্রতিষ্ঠাতা সভাপতি বলেন, ‘তিনি যদি এত ভালো ইনফ্লুয়েন্সারই হন, তাহলে তার প্রধানমন্ত্রীর চেয়ার ছেড়ে দেওয়া উচিত এবং অন্য কাউকে এ কাজ করতে দেওয়া উচিত।’
এর আগে, গত মঙ্গলবার নরেন্দ্র মোদির ইনস্টাগ্রাম ভিডিও নিয়ে মন্তব্য করে কংগ্রেসের সংসদ সদস্য প্রিয়াঙ্কা গান্ধী বলেন, নতুন নতুন অ্যাঙ্গেল থেকে ভিডিও করলেই জেন-জি প্রজন্মের ভোট পাওয়া যাবে না।
এসময় প্রধানমন্ত্রীকে ক্যামেরার অ্যাঙ্গেল নয়, বরং নিজের হৃদয়ের অ্যাঙ্গেল বদলাতে হবে বলে উল্লেখ করেন কংগ্রেসের এই সংসদ সদস্য।

