রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে বৃহস্পতিবার (৩০ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে নিশ্চিত করেছেন ডিবি প্রধান শফিকুল ইসলাম।
এর আগে রাজধানীর গুলশানের নিজ বাসভবন থেকে বুধবার সন্ধ্যা ৬টার দিকে আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, তাকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করা হবে।
গত সোমবার (২৭ জুলাই) ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল শাপলা চত্বরের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন। বিচারিক প্যানেলের অন্য দুই বিচারক হলেন—বিচারক মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
একই আদেশে ট্রাইব্যুনাল মামলায় পলাতক ৩১ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী এই ৩১ জন পলাতক আসামির তালিকার একজন ছিলেন। এ ছাড়া বিভিন্ন মামলায় ইতোমধ্যে কারাগারে থাকা অপর ১০ আসামিকে এই মামলায় ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
আদেশের পর চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, ৪১ আসামির বিরুদ্ধেই আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়া হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে অভিযোগ গঠন করা হবে এবং এরপর মামলার বিচার কার্যক্রম শুরু হবে।

