ইত্তেফাকে সংবাদ প্রকাশের পর

চাঁদপুরের বেড়িবাঁধে সুড়ঙ্গ করে বসানো ড্রেজারের অবৈধ পাইপগুলো অপসারণ

আপডেট : ৩০ জুলাই ২০২৬, ১২:৪৪

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় দেশের দ্বিতীয় বৃহৎ মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বেড়িবাঁধে সুড়ঙ্গ তৈরি করে বসানো ড্রেজারের অবৈধ পাইপ অপসারণ করেছে যৌথ প্রশাসন।

গত ২৭ জুলাই (সোমবার) সকালে দৈনিক ইত্তেফাক অনলাইনে ‘বেড়িবাঁধে সুড়ঙ্গ করে ড্রেজারের পাইপ, ঝুঁকিতে মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের ঠিক একদিন পরই পুলিশ বাহিনীর সহায়তায় উপজেলা প্রশাসন ও সেচ প্রকল্প কর্তৃপক্ষ যৌথ অভিযান চালিয়ে এসব পাইপ অপসারণ ও যন্ত্রাংশ বাজেয়াপ্ত করে।

অবৈধ এই পাইপ অপসারনকালে মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের প্রতিনিধিত্বকারী তাদের উপ-বিভাগীয় প্রকৌশলী সালাউদ্দিন জানান, বাঁধের ক্ষতিকর অবৈধ এই পাইপগুলো আমরা প্রশাসনের সাথে যৌথভাবে অপসারন করি। বাঁধটি তথা প্রকল্পটি টিকিয়ে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি বলেন, ধনাগোদা সেচ প্রকল্প একটি বৃহৎ প্রকল্প এটি টিকিয়ে রাখতেই অবৈধভাবে ব্যবহার করা ও বাঁধের জন্য ক্ষতিকর এই পাইপগুলো অপসার করা হয়েছে। এরপর এরকমটা হলে আইনগত কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সেচ প্রকল্পের বাঁধ হুমকির মধ্যে ফেলে বাঁধের পাকা প্রধান রাস্তা ফুটো করে অবৈধ পাইপ লাগিয়ে বালুর ব্যবস্থা করা সেই প্রভাবশালীদের পাইপ অপসার করা দেখতে আসা উপস্থিত জনতা অভিযানকে স্বাগত জানান। এসময় তারা জানান, এধরনের অভিযান অব্যাহত থাকলে কেউ আর এই বাঁধ হুমকিতে ফেলার মতো এ ধরনের অপরাধ করতে সাহস পাবেনা।

স্থানীয়রা আরও জানান, মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের অফিস সেচ প্রকল্প এলাকা থেকে অনেক দূরে, সেই জেলা সদরে। তাই অফিসটি যদি প্রকল্প এলাকাতেই থাকতো তাহলে সেচ প্রকল্পটি মনিটরিং করা খুবই সহজতর হতো।

এ অভিযানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি, সহকারী কমিশনার (ভূমি) রহমতউল্লাহ, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান, মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের উপ-বিভাগীয় প্রকৌশলী সালাউদ্দিন, শাখা ব্যবস্থাপক শামীম আহমেদসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

উল্লেখ্য; বাঁধের ক্ষতিকর সেই অবৈধ পাইপগুলো অপসারকালে উপস্থিত বিভিন্ন শ্রেনী পেশার গন্যমান্য কয়েকজনের সাথে কথাহলে তারা জানান, বাঁধ ফুটো করে ড্রেজারের মোটা পাইপ স্থাপনের বিষয়ে উপজেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও সড়ক ও জনপথ (সওজ) বিভাগের মধ্যে দায়িত্ব নিয়ে এক ধরনের টানাপোড়েন ছিল দীর্ঘ্যদিনের। "দৈনিক ইত্তেফাক" পত্রিকায় এ বিষয়ে তাদের টানাপোড়নের বিস্তারিত সংবাদ প্রকাশের ১দিন পরেই উপজেলা প্রশাসনের সাথে ধনাগোদা সেচ প্রকল্প কর্তৃপক্ষ সরেজমিনে অভিযানে আসলেও সড়ক ও জনবদ বিভাগ (সওজ) কে অভিযানে দেখা যায়নি।

ইত্তেফাক/কোলাজ