নতুন ব্রাজিল গড়তে যাদের বেছে নিচ্ছেন কার্লো আনচেলত্তি

আপডেট : ৩০ জুলাই ২০২৬, ১৩:২৪

চলতি বছরের বিশ্বকাপে প্রত্যাশা অনুযায়ী ফল করতে পারেনি পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। শেষ ষোলো থেকে বিদায়ের হতাশা কাটিয়ে এখন ভবিষ্যতের পরিকল্পনায় মনোযোগ দিচ্ছেন সেলেসাও কোচ কার্লো আনচেলত্তি। সামনে নতুন করে পুরো দল ঢেলে সাজানোর ইঙ্গিত দিয়েছেন এই ইতালিয়ান কোচ।

বুধবার (২৯ জুলাই) ইএসপিএন ব্রাজিলকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান আনচেলত্তি।

জানা যায়, ২০৩০ বিশ্বকাপ সামনে রেখে তরুণ খেলোয়াড়দের নিয়ে নতুন করে দল গড়তে চান ব্রাজিল কোচ।

এর আগে, গত মঙ্গলবার বিশ্বকাপের পর ছুটি শেষে রিও ডি জেনিরোতে পৌঁছান আনচেলত্তি। সেখানে পৌঁছেই সিবিএফের জাতীয় দল বিভাগের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন বিশ্ব ফুটবলের অন্যতম সেরা এই কোচ। আপাতত সামনে আন্তর্জাতিক সূচি, আগামী সেপ্টেম্বরেই ব্রাজিল খেলবে তিনটি প্রীতি ম‍্যাচ। নভেম্বরে আরও দুটি ম‍্যাচ খেলার কথা রয়েছে তাদের। আগামী বছরের মাঝামাঝি সময়ে শুরু হবে ২০৩০ বিশ্বকাপের জন‍্য লাতিন আমেরিকা অঞ্চলের বাছাই। এরপর ২০২৮ সালে কোপা আমেরিকা। 

বিশ্বকাপে ব্যর্থতার প্রসঙ্গে আনচেলত্তি বলেন, ফলাফল অবশ্যই প্রত্যাশা অনুযায়ী হয়নি এবং এই ব্যর্থতায় সবাই হতাশ। তবে অতীত নিয়ে পড়ে না থেকে সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। তার বিশ্বাস, ব্রাজিলে প্রতিভাবান ফুটবলারের কোনো অভাব নেই। সঠিক পরিকল্পনা ও সুযোগ দিলে তাদের নিয়েই আবারও শক্তিশালী দল গড়া সম্ভব।

এদিকে বিশ্বকাপের পরই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র। তার অবসরের পর দল পুনর্গঠনের প্রক্রিয়া আরও গতি পাবে বলেই ধারণা করা হচ্ছে। নতুন প্রজন্মকে সামনে এনে ভবিষ্যতের দল গড়ার সময় এখনই বলেও ইঙ্গিত দিয়েছেন আনচেলত্তিও।

দল পুনর্গঠনের বিষয়ে তিনি বলেন, ফুটবলের ইতিহাসই বলে দেয়, একটি প্রজন্মের বিদায়ের পর আরেকটি প্রজন্ম আসে। নতুনদের আগের চেয়ে আরও ভালো হওয়ার লক্ষ্য নিয়েই এগোতে হবে। ব্রাজিল এখন সেই নতুন চক্রের সূচনা করতে চায়।

নতুন করে ব্রাজিল দল গড়া নিয়ে স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘এএস’কে আনচেলত্তি বলেছেন, ‘একেবারে তরুণদের পরখ করে আমরা এক নতুন সেলেসাও তৈরির কাজ শুরু করব। তবে তার মানে এই নয় যে সদ্য শেষ হওয়া বিশ্বকাপে খেলা অভিজ্ঞদের আমরা ছেঁটে ফেলছি। যাদের এখনো ব্রাজিলকে দেওয়ার মতো অনেক কিছু আছে, জাতীয় দলের দরজা তাদের জন্য খোলাই থাকছে।’

গত বছরের মে মাসে ব্রাজিলের দায়িত্ব নেয়া আনচেলত্তির ওপর আস্থা রেখেছে সিবিএফ। ইতোমধ্যেই ২০৩০ ফিফা বিশ্বকাপ পর্যন্ত তার চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে। বিশ্বকাপ-পরবর্তী সূচিতে আগামী সেপ্টেম্বর ও অক্টোবরের ফিফা উইন্ডোতে তিনটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। 

আগামী ২৫ ও ২৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার টাউন্সভিল ও ব্রিসবেনে স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে সেলেসাওরা। এরপর অক্টোবরের শুরুতে ভারতের কলকাতায় আরেকটি ম্যাচ আয়োজনের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। তবে সেই ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ এখনও চূড়ান্ত হয়নি।

 

 

ইত্তেফাক/এনটিএম