৪২ বছর বয়সে মাতৃত্বের স্বাদ পেলেন অভিনেত্রী কারিশমা

আপডেট : ৩০ জুলাই ২০২৬, ১৪:৩৭

বলিউড অভিনেত্রী কারিশমা তান্না ও তার স্বামী, ব্যবসায়ী বরুণ বঙ্গেরার পরিবারে এসেছে নতুন অতিথি। বুধবার (২৯ জুলাই) পুত্রসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। ৪২ বছর বয়সে প্রথমবারের মতো মা হওয়া কারিশমা সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামীর সঙ্গে যৌথ পোস্টে সুখবরটি ভক্তদের জানিয়েছেন।

ইনস্টাগ্রামে শেয়ার করা এক পোস্টে কারিশমা লিখেছেন, ‘গুরু পূর্ণিমার পবিত্র দিনে আমাদের সবচেয়ে বড় আশীর্বাদ এসেছে। ২৯ জুলাই ২০২৬। ছোট্টো সোনা, তোমাকে আমাদের পৃথিবীতে স্বাগতম।’ পোস্টের সঙ্গে নবজাতকের আগমন সম্পর্কিত এক বিশেষ কার্ডও প্রকাশ করেছেন তারা।

সন্তানের জন্মের খবর প্রকাশের পরপরই কারিশমা এবং বরুণকে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন হাজার হাজার অনুরাগী থেকে বিনোদন দুনিয়ার অনেকে। অভিনেত্রী স্মৃতি ইরানি, মালাইকা অরোরা, দিয়া মির্জা, বিক্রান্ত ম্যাসি, সোনু সুদ, রাহুল বৈদ্য, ভারতী সিংসহ টেলিভিশন ও চলচ্চিত্র অঙ্গনের বহু তারকা দম্পতিকে অভিনন্দন জানিয়েছেন এবং নবজাতকের জন্য আশীর্বাদ কামনা করেছেন।

২০২২ সালের ৫ ফেব্রুয়ারি মুম্বাইয়ে পারিবারিক আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন কারিশমা তান্না ও বরুণ বঙ্গেরা। বিয়ের চার বছর পর তাদের সংসারে প্রথম সন্তানের আগমন হলো। চলতি বছরের শুরুতে কারিশমা তার মাতৃত্বের খবর প্রকাশ্যে আনেন। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত গর্ভাবস্থার নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন এই তারকা।

টেলিভিশনের পর্দা দিয়েই দর্শকদের কাছে পরিচিতি পান কারিশমা তান্না। ছোট পর্দায় ‘কিঁউকি সাস ভি কভি বহু থি’, ‘নাগিন ৩’ ও ‘কায়ামত কি রাত’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে প্রশংসা কুড়ান তিনি। পরে ওটিটি প্ল্যাটফর্মেও নিজের অবস্থান শক্ত করেন। ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘হাশ হাশ’ এবং হংসাল মেহতা পরিচালিত ‘স্কুপ’ ওয়েব সিরিজে তার অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা পায়। এছাড়া ‘খতরোঁ কে খিলাড়ি ১০’-এর শিরোপাও জিতেছিলেন তিনি।

ইত্তেফাক/আরএইচ