ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। দীর্ঘদিন ধরেই অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় এই অভিনেত্রী। নিয়মিত নিজের নতুন নতুন ছবি ও স্টাইলের মাধ্যমে ভক্তদের চমকে দেন তিনি। এবারও তার ব্যতিক্রম হয়নি। নতুন এক রাজকীয় লুকে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন।
সম্প্রতি নিজের ফেসবুক পেজে সোনালি রঙের মেটালিক শাড়ি ও ঐতিহ্যবাহী অলঙ্কারে সাজানো কয়েকটি ছবি প্রকাশ করেন অপু বিশ্বাস। ছবিগুলোতে তাকে রাজকীয় আবহে দেখা যায়, যা মুহূর্তেই ভক্তদের দৃষ্টি কাড়ে। তার অভিজাত স্টাইল, আত্মবিশ্বাসী অভিব্যক্তি এবং নান্দনিক উপস্থাপনা সামাজিক মাধ্যমে ব্যাপক প্রশংসা পাচ্ছে।
ছবিগুলোর ক্যাপশনে অপু বিশ্বাস তার এই বিশেষ লুকের পেছনে কাজ করা স্টাইলিস্ট মাহফুজ কাদরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি জানান, এই লুকের প্রতিটি সূক্ষ্ম ছোঁয়া, প্রতিটি ডিটেইল এবং সৌন্দর্যের পেছনে রয়েছে স্টাইলিস্টের নিবেদন, রুচি ও শিল্পীসত্তা।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে অভিনেত্রী লেখেন, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নতুনভাবে আবিষ্কার করার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। তার মতে, সৌন্দর্য যখন দক্ষ ও সৃজনশীল হাতে ধরা পড়ে, তখন সেটি কেবল সাজ নয়, শিল্পে রূপ নেয়।
অপু বিশ্বাসের নতুন এই ফটোশুট প্রকাশের পর থেকেই ভক্ত-অনুরাগীরা মন্তব্যের ঘরে তার সৌন্দর্য, ব্যক্তিত্ব ও রুচিশীল উপস্থাপনার প্রশংসা করছেন। অনেকেই তাকে ‘রাজকীয়’, ‘এলিগ্যান্ট’ এবং ‘ঢালিউড কুইন’ বলে অভিহিত করেছেন। নতুন এই লুকের মাধ্যমে আবারও আলোচনায় জায়গা করে নিয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী।

