মধ্যপ্রাচ্যে সংঘাত বিস্তারের আশঙ্কা, জাতিসংঘের উদ্বেগ প্রকাশ

আপডেট : ৩০ জুলাই ২০২৬, ১৭:৪১

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, সৌদি আরব ও ইরানকে ঘিরে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি সতর্ক করে বলেছেন, সংশ্লিষ্ট পক্ষগুলো দ্রুত আলোচনায় না ফিরলে সংঘাত আরও বিস্তৃত হতে পারে।

বুধবার (২৯ জুলাই) জাতিসংঘের মুখপাত্র ফারহান হক নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে বলেন, মহাসচিব বেশ কিছুদিন ধরেই আশঙ্কা প্রকাশ করে আসছেন যে, আলোচনার পথ বন্ধ থাকলে মধ্যপ্রাচ্যের সংঘাত আরও ছড়িয়ে পড়তে পারে। সাম্প্রতিক ঘটনাপ্রবাহ সেই আশঙ্কাকেই জোরালো করছে। 

ফারহান হক জানান, গুতেরেস নতুন করে যুদ্ধ, উত্তেজনা বৃদ্ধি এবং সংঘাতের বিস্তার নিয়ে উদ্বিগ্ন। তিনি সব পক্ষকে অবিলম্বে সামরিক কর্মকাণ্ড বন্ধ করে কূটনৈতিক আলোচনায় ফিরে আসার আহ্বান জানিয়েছেন।

জাতিসংঘের মতে, পাকিস্তান, কাতারসহ কয়েকটি দেশের চলমান মধ্যস্থতা প্রচেষ্টা পরিস্থিতি শান্ত করতে এবং আলোচনার পরিবেশ ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা চালানোর পর এর জবাবে ইরান অঞ্চলের বিভিন্ন দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা ও সরঞ্জাম লক্ষ্য করে পাল্টা হামলা চালায়। এ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে বৃহত্তর সংঘাতের আশঙ্কা আরও বেড়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

ইত্তেফাক/এসজে