ত্রাণের চাল বিক্রির অভিযোগ

স্থানীয়দের তোপের মুখে পুলিশ হেফাজতে বিএনপি নেতা

আপডেট : ৩০ জুলাই ২০২৬, ১৯:৫৪

রাঙ্গামাটি কাপ্তাই উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য দেওয়া ত্রাণের চাল বিক্রির অভিযোগকে কেন্দ্র করে হট্টগোলের ঘটনা ঘটেছে। এই অভিযোগে স্থানীয় এক বিএনপি নেতাকে আটকে পুলিশের খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে তাকে হেফাজতে নেয়।

বৃহস্পতিবার (৩০ জুলাই) জুলাই রাত সাড়ে ৭টার দিকে এই রিপোর্ট লেখা পর্যন্ত ওই বিএনপি নেতা পুলিশ হেফাজতে রয়েছেন। এর আগে এদিন বিকেলে উপজেলার রাইখালী ইউনিয়নের রিফিউজি পাড়া থেকে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

পুলিশ হেফাজতে থাকা আবুল হাসেম মেম্বার চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এবং ওই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ছিলেন।

পুলিশের ভাষ্য, বৃহস্পতিবার বিকেলে বিএনপি নেতা আবুল হাসেম মেম্বার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য দেওয়া ত্রাণের চাল বন্যার্তদের না দিয়ে চুপিসারে রিফিউজি পাড়ার স্থানীয় দোকানগুলোতে বিক্রি করে দিচ্ছিলেন- এমন অভিযোগ তুলে স্থানীয়রা তাকে আটক করেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। এসময় স্থানীয়দের কাছে আটক হওয়া গাড়িটিসহ চালক চয়ন বড়ুয়াকেও (৪০) হেফাজতে নেয় পুলিশ।

এসময় তার কাছ থেকে ত্রাণের দুই বস্তা চাল ও একটি চান্দের গাড়ি (জীপগাড়ি) জব্দ করা হয়। গাড়িটির নাম্বার ঢাকা-মেট্রো-গ -০৬-০০৩০। 

চন্দ্রঘোনা থানার ওসি এস. এম সাকের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্থানীয়রা অভিযোগ করছেন ত্রাণের চাল বিক্রির সময় তাকে হাতেনাতে আটক করা হয়েছে। খবর পেয়ে বিএনপি নেতাসহ দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি তার (আবুল হাসেম) দলের নেতাদের জানানো হয়েছে। এই ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ত্রাণের চাল বিক্রির অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ বলেন, ঘটনাটি ভুল বোঝাবুঝি। জেলা পরিষদ থেকে যে চালের ত্রাণ দেওয়া হয়েছে সেগুলো বন্যার্তদের মাঝে বিতরণ করা হয়েছে। দুই বস্তা চাল গাড়ির চালককে ভাড়ার বদলে দেওয়া হয়েছিল। সেগুলোই জব্দ করা হয়েছে। পুলিশ আমাদের খবর দিয়েছে। আমরা থানায় যাচ্ছি, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ইত্তেফাক/এপি