স্পেনে দাবানল পরিস্থিতির উন্নতি হওয়ায় জরুরি অবস্থা প্রত্যাহার

আপডেট : ৩০ জুলাই ২০২৬, ২১:৫৩

স্পেনে দাবানলের পরিস্থিতির উন্নতি হওয়ায় জরুরি অবস্থা প্রত্যাহার করেছে সরকার। আভিলা ও মাদ্রিদ অঞ্চলে কয়েকদিন ধরে চলা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আসার পর জাতীয় পর্যায়ের জরুরি অবস্থা তুলে নেওয়া হয়েছে। তবে তীব্র গরমের কারণে নতুন করে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা এখনো রয়ে গেছে বলে সতর্ক অবস্থানে আছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৩০ জুলাই) প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর জরুরি অবস্থার মাত্রা কমিয়ে অপারেশনাল লেভেল-২-এ নামিয়ে আনা হয়েছে। নিবিড় অগ্নিনির্বাপণ কাজের পর পরিস্থিতির উন্নতি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, আভিলা ও মাদ্রিদের দাবানল এখন নিয়ন্ত্রণে থাকলেও পুনরায় ছড়িয়ে পড়া ঠেকাতে জরুরি সেবাকর্মীরা মাঠে কাজ চালিয়ে যাচ্ছেন। তোলেদো অঞ্চলের আরেকটি স্থিতিশীল আগুনও নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। আবহাওয়ার অবস্থার ওপর বিশেষ নজর রাখছেন কর্মকর্তারা।

দাবানল মোকাবিলায় সরকারের পদক্ষেপের প্রশংসা করে সানচেজ বলেন, জরুরি সেবা সংস্থা ও সরকারি প্রতিষ্ঠানের সমন্বিত প্রচেষ্টা যৌক্তিকভাবে সফল ও কার্যকর ছিল। দ্রুত ও সমন্বিত উদ্যোগের ফলে ক্ষয়ক্ষতি সীমিত রাখা সম্ভব হয়েছে।

স্প্যানিশ কর্তৃপক্ষ পরিস্থিতির উন্নতি হলেও সতর্ক করে জানিয়েছে, দেশটিতে নতুন তাপপ্রবাহ শুরু হওয়ার আশঙ্কা রয়েছে। উচ্চ তাপমাত্রা ও শুষ্ক আবহাওয়া দাবানলের ঝুঁকি আবার বাড়িয়ে দিতে পারে। এ কারণে জরুরি সেবাগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

ইত্তেফাক/এবিএস