সারাদেশেই বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে দিনের তাপমাত্রা

আপডেট : ৩১ জুলাই ২০২৬, ১৮:২১

মৌসুমি বায়ুর প্রভাব কিছুটা কমে আসায় সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা আগের তুলনায় হ্রাস পেয়েছে। তবে দেশের আট বিভাগেই কমবেশি বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

শুক্রবার (৩১ জুলাই) প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

পূর্বাভাস অনুযায়ী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক স্থানে এবং ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে লক্ষ্মীপুরের রামগতিতে। একই সময়ে ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ১০ মিলিমিটার। তবে শুক্রবার সকাল পর্যন্ত শেষ ছয় ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

ঢাকা ও আশপাশের এলাকায় দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পাশাপাশি রাজধানীর কোথাও কোথাও হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

সংস্থাটি আরও জানিয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ বর্তমানে রাজস্থান, মধ্যপ্রদেশ, গভীর নিম্নচাপের কেন্দ্র, ওডিশা, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় থাকলেও উত্তর বঙ্গোপসাগরে এটি মাঝারি অবস্থায় রয়েছে।

ইত্তেফাক/এমএএম