আরজি কর ধর্ষণ-হত্যা মামলায় তদন্ত কর্মকর্তা বদল করল সিবিআই

আপডেট : ৩১ জুলাই ২০২৬, ১৮:৪১

ভারতের কলকাতার বহুল আলোচিত আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ধর্ষণ ও হত্যা মামলায় তদন্ত কর্মকর্তা (আইও) পরিবর্তন করেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা (সিবিআই)।

বৃহস্পতিবার (৩০ জুলাই) শিয়ালদহ আদালতে দেওয়া অগ্রগতি প্রতিবেদনে সিবিআই জানায়, আগের তদন্ত কর্মকর্তা সীমা পাহুজার জায়গায় দিল্লি পুলিশের সহকারী পুলিশ কমিশনার সন্দীপনী গর্গকে দায়িত্ব দেওয়া হয়েছে।

সিবিআই আরও জানায়, নতুন বিশেষ তদন্ত দল (এসআইটি) মামলার ২০ খণ্ডের কেস ডায়েরি এবং প্রায় এক হাজার পৃষ্ঠার নথি খতিয়ে দেখছে। দলের নেতৃত্বে রয়েছেন সিবিআইয়ের একজন যুগ্ম পরিচালক।

নিহত চিকিৎসকের পরিবারের আইনজীবী অমর্ত্য দে বলেন, এসআইটিকে তৃণমূল কংগ্রেসের সাবেক বিধায়ক নির্মল ঘোষের ভূমিকা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আগের তদন্তে কোনো ত্রুটি ছিল কি না, সেটিও যাচাই করবে নতুন দল।

২০২৪ সালের ৯ আগস্ট রাতে হাসপাতালের ভেতরে কর্তব্যরত অবস্থায় ৩১ বছর বয়সী এক নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যা করা হয়। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করে দোষী সাব্যস্ত করা হলেও নিহতের পরিবারের দাবি, পুরো ঘটনার তদন্ত শেষ হয়নি। তাদের অভিযোগ, আরও কয়েকজনের ভূমিকা খতিয়ে দেখা প্রয়োজন।

শুনানির সময় নিহত চিকিৎসকের মা নতুন তদন্ত কর্মকর্তার সঙ্গে দেখা করে মেয়ের সঙ্গে শেষবার যাদের দেখা গিয়েছিল, তাদেরও জিজ্ঞাসাবাদের অনুরোধ জানান।

তিনি নতুন সরকারের প্রতি আস্থা প্রকাশ করে বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পরই তিনজন আইপিএস কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে। তাই তারা আশা করছেন, এবার নিরপেক্ষ তদন্ত হবে।

মামলার পরবর্তী শুনানি আগামী সেপ্টেম্বরে হওয়ার কথা রয়েছে।

তথ্যসূত্র: দ্য টেলিগ্রাফ

 
ইত্তেফাক/এসজে