কুড়িগ্রামের রৌমারীতে নিখোঁজ হওয়ার তিন দিন পর খাল থেকে গোলাপী খাতুন (৩৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার রৌমারী সদর ইউনিয়নের বাওয়ার গ্রামের পাশের একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি পুলিশ। তবে নিহতের পরিবারের দাবি, তাকে হত্যা করা হয়েছে।
নিহত গোলাপী খাতুন বাওয়ার গ্রামের সৈয়দ আলীর স্ত্রী এবং উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙ্গি গ্রামের আব্দুল গফুরের মেয়ে।
পুলিশ, স্থানীয় বাসিন্দা ও পরিবার সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই সকালে গোলাপী খাতুন বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। বৃহস্পতিবার সকালে দুবলাবাড়ি গ্রামের পাশের ওই খালের এলাকায় কাজ করতে গিয়ে কয়েকজন কৃষক পানিতে একটি মরদেহ ভাসতে দেখেন। খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

