চুয়াডাঙ্গার দর্শনা হল্ট স্টেশনে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে নিলুফা বেগম (২৪) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা তিন বছর বয়সী কন্যাশিশু অলৌকিকভাবে প্রাণে বেঁচে যায়। শনিবার (১ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে দর্শনা হল্ট স্টেশনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১২টার দিকে নিলুফা বেগমকে তিন বছর বয়সী কন্যাশিশুকে কোলে নিয়ে দর্শনা হল্ট স্টেশনে ঘোরাফেরা করতে দেখা যায়। পরে রাত ১টার দিকে খুলনা থেকে সৈয়দপুরগামী সীমান্ত এক্সপ্রেস স্টেশনে পৌঁছালে তিনি প্রথমে শিশুটিকে নিরাপদ দূরত্বে ছুড়ে দেন। এরপর চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দেন।
স্টেশনে ট্রেনটির নির্ধারিত স্টপেজ থাকায় গতি তুলনামূলক কম ছিল। এতে নিলুফা বেগম গুরুতর আহত হয়ে ট্রেনের সামনে থেকে ছিটকে পড়েন। স্থানীয় লোকজন দ্রুত তাকে ও শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। পথে নিলুফা বেগমের মৃত্যু হয়। তবে শিশুটি অক্ষত অবস্থায় বেঁচে যায়।
পুলিশ জানায়, নিহতের মোবাইল ফোনের তথ্যের ভিত্তিতে তার পরিচয় নিশ্চিত করা হয়েছে। তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানার ডিহিকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা এবং নজরুল ইসলামের স্ত্রী।
নিহতের স্বামী নজরুল ইসলাম জানান, শুক্রবার বিকেলে নিলুফা বেগম বাবার বাড়িতে যাওয়ার কথা বলে বের হন। তাদের মধ্যে কোনো ধরনের পারিবারিক বিরোধ বা ঝগড়া-বিবাদ ছিল না বলে তিনি দাবি করেন।
দর্শনা হল্ট স্টেশন রেলওয়ে পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিন বছর বয়সী কন্যাশিশু জামিলা খাতুনকে সুস্থ অবস্থায় তার বাবার কাছে হস্তান্তর করা হয়েছে।

