অবশেষে খুঁজে পাওয়া গেল সামাজিক মাধ্যমে ভাইরাল সেই ‘স্ট্রাইকার’ আশরাফুলকে

আপডেট : ০১ আগস্ট ২০২৬, ১৪:২৬

ফুটবল বিশ্বকাপের উত্তাপ চলাকালীন স্থানীয় একটি ফুটবল ম্যাচের ভিডিওর সূত্র ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পান আশরাফুল ইসলাম। ‘মেহরাবের চেষ্টা এবং আশরাফুলের মিস’ সংবলিত সেই মজার ভিডিওটি বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গসহ বিশ্বের বিভিন্ন দেশের বাংলা ভাষাভাষীদের কাছে ব্যাপক পরিচিতি পায়।

অবশেষে সেই ভাইরাল স্ট্রাইকার আশরাফুলের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

আশরাফুল ইসলাম জানান, তার বাড়ি যশোর জেলার ঝিকরগাছা উপজেলার বারবাকপুর গ্রামে। ভিডিওতে তার সঙ্গে থাকা মেহরাবসহ অন্যদের বাড়িও একই এলাকায়। বর্তমানে ২৬ বছর বয়সী আশরাফুল একটি বেসরকারি প্রতিষ্ঠানের বিক্রয় বিভাগে কর্মরত আছেন।

ভাইরাল হওয়া সেই ভিডিওটির ধারাভাষ্যকার ছিলেন হৃদয় সুলতান সম্রাট নামের এক যুবক, যিনি বর্তমানে জেলা জজ আদালতে কর্মরত। সম্রাট গত ৩ জুলাই তার ফেসবুক পেজে ভিডিওটি আপলোড করেছিলেন। এখন পর্যন্ত ভিডিওটি আড়াই কোটিরও বেশি (২৫ মিলিয়ন) মানুষ দেখেছেন। ভিডিওটি এতটাই জনপ্রিয়তা পেয়েছে যে, বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠানের ফুটবল বিশ্লেষণেও রসিকতা করে এই ‘আশরাফুল-মেহরাব’ জুটির প্রসঙ্গ টানা হয়েছে।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে আশরাফুল বলেন, খ্যাতি পাওয়ার পর তার জীবনে কিছু পরিবর্তন এসেছে। রাস্তাঘাটে বা পরিচিত মহলে অনেকেই তাকে দেখে হাসাহাসি করেন, যা মাঝে মাঝে তাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে। তবে নেতিবাচক দিকের চেয়ে ইতিবাচক দিকটিই বেশি ভাবেন তিনি। আশরাফুলের মতে, তার এই অনিচ্ছাকৃত মজার ঘটনাটি যদি লাখ লাখ মানুষকে আনন্দ দিয়ে থাকে, তবে সেটি তার জন্য ভালো লাগার বিষয়।

ভিডিওটি প্রকাশের পর ধারাভাষ্যকার সম্রাট আশরাফুল ও মেহরাবকে নিয়ে আরও কয়েকটি ভিডিও তৈরি করেছেন, যেখানে তারা নিজেদের আনুষ্ঠানিক পরিচয় তুলে ধরেছেন। সম্রাটের ফেসবুক পেজে মূল ভিডিওটি এখনো পিনপোস্ট হিসেবে রাখা আছে।

ইত্তেফাক/এনএন