‘এটাই আর্জেন্টিনার সর্বকালের সেরা দল’

আপডেট : ০১ আগস্ট ২০২৬, ১৪:২৪

বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে যায় আর্জেন্টিনা। এতে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের সুযোগ হাতছাড়া করে আলবিসেলেস্তেরা। বিশ্বকাপ জিততে না পারলেও দলের পারফরম্যান্সে গর্বিত আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া। তার চোখে বর্তমান আর্জেন্টিনা দলটাই দেশটির ইতিহাসের সেরা।

২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা ও বিশ্বকাপ এবং ২০২৪ কোপা আমেরিকা জিতেছে দলটি। সব মিলিয়ে গত ৫ বছরে পাঁচটি বড় টুর্নামেন্টের ফাইনালে খেলেছে লা আলবিসেলেস্তেরা।

এএফএর স্পনসর ডে অনুষ্ঠানে ক্লদিও তাপিয়া বলেন, ‘পাঁচটি ফাইনাল খেলে চারটিতে জয়... আমার মনে হয়, এটাই আমাদের দেখা সর্বকালের সেরা আর্জেন্টিনা দল। তারা ফলাফলের মাধ্যমে আমাদের প্রতিনিধিত্ব করেছে। স্পেনের কাছে ফাইনালে হারলেও বিশ্বকাপে দলের পারফরম্যান্স নিয়ে আমরা গর্বিত। এই ছেলেরা আমাদের পতাকাকে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে দিয়েছে।’

২০২৬ বিশ্বকাপের কঠিন সূচি ও বাড়তি চ্যালেঞ্জ সম্পর্কে তাপিয়া আরও বলেন, ‘অবশ্যই এটি ছিল এমন একটি বিশ্বকাপ যেখানে দল ছিল আরও বেশি, ম্যাচও অনেক বেশি হয়েছে। সময়ের পার্থক্যও ছিল। কিন্তু এই দল দীর্ঘদিন ধরেই যা করে আসছে, সেটাই আবারও করে দেখিয়েছে।’

ইত্তেফাক/জেডএইচ