২০১৮ সালে বিশ্বকাপে জেতে ফ্রান্স। সেই দলের সদস্য ছিলেন লেফট ফুলব্যাক বেঞ্জামিন মেন্দি। এবার ফিফা থেকে পাওয়া সেই বিশ্বকাপ ট্রফির অফিশিয়াল রেপ্লিকা (প্রতিকৃতি) বিক্রি করে বড় ধরনের বিতর্কের জন্ম দিয়েছেন এই ফরাসি ডিফেন্ডার।
ক্রীড়া স্মারক নিলামের জন্য বিখ্যাত মার্কিন নিলাম সংস্থা ‘গোল্ডিনের' মাধ্যমে ট্রফিটির রেপ্লিকা নিলামে তোলেন মেন্দি। ‘গ্লোবাল ফুটবল অকশন পার্ট ২’-এর অধীনে আয়োজিত এই নিলামে ট্রফিটি ৬২ হাজার মার্কিন ডলারে (প্রায় ৫৪ হাজার ইউরো) বিক্রি হয়।
বিশ্বকাপের এমন ঐতিহাসিক স্মারক বিক্রি করে দেওয়ায় ফুটবলপ্রেমী ও সংবাদমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। তবে এসব সমালোচনাকে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম স্ন্যাপচ্যাটে উল্টো কটাক্ষ করেছেন ২৯ বছর বয়সী মেন্দি।
লোচকদের উদ্দেশ্য করে মেন্দি বলেন, 'এই ট্রফিটা কি আমার, নাকি আপনাদের? শেষ পর্যন্ত এটা আমারই সম্পত্তি, তাই আমি এটা দিয়ে কী করবো তা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার।'
এখানেই থামেননি তিনি। ফ্রান্সের সংবাদমাধ্যম আরএমসির প্রতিবেদন, কিছুটা ব্যঙ্গাত্মক সুর মিলিয়ে মেন্দি আরও বলেন, 'আর তাছাড়া, আলমারিতে ট্রফিটা বড্ড বেশি জায়গা জুড়ে ফালতু পড়ে ছিল!'

