মার্কিন নাগরিকদের জর্ডান ছাড়ার পরামর্শ যুক্তরাষ্ট্রের

আপডেট : ০১ আগস্ট ২০২৬, ২০:২৯

মধ্যপ্রাচ্যে আঞ্চলিক উত্তেজনা বাড়তে থাকায় জর্ডানে অবস্থিত মার্কিন দূতাবাস দেশটির নাগরিকদের এই অঞ্চল ছেড়ে যাওয়ার বিষয়টি বিবেচনা করার আহ্বান জানিয়েছে।  

শনিবার (১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক নিরাপত্তা সতর্কবার্তায় দূতাবাস জানিয়েছে, বর্তমানে মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকানদের চরম সতর্কতা অবলম্বন করতে হবে এবং বাড়তি সতর্ক থাকতে হবে। একই সঙ্গে ফ্লাইট বাতিল, আকাশসীমা সাময়িকভাবে বন্ধ হওয়া কিংবা ভ্রমণে বাধা সৃষ্টির মতো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।  

মধ্যপ্রাচ্যের বাইরে থাকা মার্কিন নাগরিকদেরও এই অঞ্চলে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনা করার কথা বলা হয়েছে। দূতাবাস সতর্ক করে বলেছে, ইরান এবং দেশটির সমর্থিত গোষ্ঠীগুলো বিদেশে মার্কিন স্বার্থকে লক্ষ্যবস্তু বানাতে পারে। বর্তমানে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অত্যন্ত পরিবর্তনশীল।  

বিশেষ করে জর্ডানে থাকা মার্কিন নাগরিকদের দেশটির সামরিক ঘাঁটিগুলোতে ভ্রমণ না করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সরকারি সতর্কবার্তা ও জর্ডানিয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।  

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তীব্র উত্তেজনার মধ্যেই এই সতর্কতা জারি করা হয়েছে। সিবিএস নিউজ জানিয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে ওয়াশিংটন এই সপ্তাহে ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে।  

এর আগে শনিবার কুয়েত জানিয়েছে, একটি সরকারি স্থাপনা ও বেসামরিক বাহনে আঘাত হানতে আসা ইরানি ড্রোন তারা প্রতিহত করেছে। একই দিন ওমানের উপকূলে হরমুজ প্রণালির কাছে একটি ট্যাংকার অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। তবে এ দুই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।  

সূত্র: আনাদোলু এজেন্সি

ইত্তেফাক/এবিএস