এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে দেশে ফেরাল সৌদি আরব

আপডেট : ০১ আগস্ট ২০২৬, ২০:৩৩

আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে দেশজুড়ে অভিযান চালিয়ে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি প্রবাসীকে আটক করেছে সৌদি আরব। তাদের মধ্যে ১২ হাজার ৬১৩ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

শনিবার (১ আগস্ট) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ২৩ থেকে ২৯ জুলাই পর্যন্ত পরিচালিত অভিযানে মোট ১৪ হাজার ১৫৪ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে ৭ হাজার ১০৩ জন আবাসন আইন, ৩ হাজার ৬৫৪ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ৩ হাজার ৩৯৭ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আটক হন।

এ সময় অবৈধভাবে সৌদিতে প্রবেশের চেষ্টা করার অভিযোগে আরও ১ হাজার ৪১৮ জন এবং বেআইনিভাবে দেশ ছাড়ার চেষ্টার সময় ২৩ জনকে আটক করা হয়েছে। এছাড়া আইন লঙ্ঘনকারী প্রবাসীদের আশ্রয় বা পরিবহনে সহায়তার অভিযোগে ১৭ জনকেও গ্রেপ্তার করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে ৩০ হাজার ৬৭৯ জন প্রবাসী আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। তাদের মধ্যে ১৭ হাজার ৯০৩ জনকে ভ্রমণসংক্রান্ত নথি সংগ্রহের জন্য নিজ নিজ দেশের দূতাবাসে পাঠানো হয়েছে। এছাড়া ৫ হাজার ৪২৪ জনকে দেশে ফেরার আগে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে বলা হয়েছে।

মন্ত্রণালয় আরও জানায়, অবৈধভাবে সৌদিতে প্রবেশে সহায়তা করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড, ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা এবং যানবাহন বা সম্পত্তি জব্দের মতো শাস্তি হতে পারে।

বর্তমানে সৌদি আরবে প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষের বসবাস, যার বড় একটি অংশ বিভিন্ন দেশের অভিবাসী কর্মী।

সূত্র: গালফ নিউজ

ইত্তেফাক/এসজে