মতিঝিল ও মিরপুর-ফার্মগেটের ঘটনার মধ্যে যোগসূত্র নেই: সিটিটিসি

আপডেট : ০১ আগস্ট ২০২৬, ২১:৪১

রাজধানীর মতিঝিল মেট্রোস্টেশনের নিচে উদ্ধার হওয়া আইইডি এবং মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোস্টেশনে শনিবার পাওয়া সন্দেহজনক বস্তু—দুই ঘটনার মধ্যে এখন পর্যন্ত কোনো যোগসূত্র পাওয়া যায়নি বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। তবে সব ঘটনার তদন্ত চলমান রয়েছে।

শনিবার (১ আগস্ট) বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সিটিটিসির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শামসুল হক এ তথ্য জানান।

এর আগে ডিএমপি জানায়, শনিবার দুপুরে মিরপুর-১০ মেট্রোস্টেশনের দ্বিতীয় তলায় একটি সন্দেহজনক ব্যাগ এবং একই সময়ে ফার্মগেট মেট্রোস্টেশনের নিচতলায় একটি পিলারের পাশে একটি বস্তা পড়ে থাকতে দেখা যায়। বোমা থাকার আশঙ্কায় পুলিশকে খবর দেওয়া হলে বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালায়।

পরে পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দল জানায়, দুটি বস্তুতেই কোনো বিস্ফোরক বা ক্ষতিকর উপাদান পাওয়া যায়নি। নিরাপত্তার স্বার্থে মিরপুর-১০ মেট্রোস্টেশন সাময়িকভাবে বন্ধ রাখা হলেও তল্লাশি শেষে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।

মতিঝিলে ২৫ জুলাই উদ্ধার হওয়া আইইডির সঙ্গে শনিবারের ঘটনার কোনো সম্পর্ক রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ শামসুল হক বলেন, মিরপুর-১০ স্টেশনে পান-জর্দার কৌটাসহ কিছু সাধারণ বস্তু পাওয়া গেছে, আর ফার্মগেটে পাওয়া বস্তায় ছিল আবর্জনা। সেখানে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। তাই এ মুহূর্তে দুটি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র পাওয়া যায়নি।

তিনি বলেন, মতিঝিলের আইইডি উদ্ধারের ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট বিভাগ, সিটিটিসি ও গোয়েন্দা বিভাগ (ডিবি) যৌথভাবে তদন্ত করছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করা সম্ভব নয়।

মেট্রোস্টেশনের সিসিটিভি ফুটেজ নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ব্যাগ ও বস্তা কে বা কারা রেখেছে, তা শনাক্তে সিসিটিভি ফুটেজসহ সব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য বেরিয়ে আসবে।

সংবাদ সম্মেলনে সিটিটিসির অতিরিক্ত কমিশনার আরও বলেন, কাউন্টার টেরোরিজম, সাইবার অপরাধ ও আন্তঃদেশীয় অপরাধ—সব ক্ষেত্রেই তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণ ও গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে।

পালিয়ে থাকা জঙ্গিদের বিষয়ে তিনি বলেন, তাদের গ্রেপ্তারে অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

 
ইত্তেফাক/এমএএম