বর্ষীয়ান নেতাদের নিয়ে কটূক্তিকারীদের শায়েস্তা করবে জনগণ: যুবদল সভাপতি

আপডেট : ০১ আগস্ট ২০২৬, ২২:৫২

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসিরউদ্দিন পাটোয়ারীসহ তরুণ নেতাদের কটূক্তিমূলক বক্তব্যের সমালোচনা করেছেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।

তিনি বলেছেন, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীসহ সিনিয়র বর্ষীয়ান নেতাদের নিয়ে যারা কটূক্তি করছেন তারা বেয়াদব। তাদেরকে সায়েস্তার করার জন্য আমাদের মাঠে থাকার কোনো দরকার নাই। তাদেরকে দেশের মানুষই শায়েস্তা করবে।

শনিবার (১ আগস্ট) বিকালে যশোর টাউনহল মাঠে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যশোর জেলা যুবদল আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

একজন গুন্ডা একটি এলাকা ধ্বংস করে কিন্তু একজন বেয়াদব পুরো সমাজটাকে ধ্বংস করে, রাষ্ট্রকে ধ্বংস করে মন্তব্য করে মুন্না বলেন, এসব বেয়াদবদের জনগণ ইতিমধ্যে বয়কট করেছে। তাদের সহযোগী রাজনৈতিক দলের সরকার গঠনের খায়েশ ছিল। কিন্তু তারা সেটা পারে নাই। তারা মিথ্যার ফুলঝুরি ছড়িয়েছে, ইসলাম বিক্রি করেছে। মানুষকে ধোঁকা দিয়েছে। আমরা যদি সঠিকভাবে রাজনীতি করি আগামীতে জনগণ সিদ্ধান্ত নিতে ভুল করবে না।

তিনি যুবদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, স্রোতে গা ভাসিয়ে রাজনীতি করলে চলবে না। জুলাই গণ-আন্দোলনে আমরা প্রতিদিন রাজপথে ছিল। দেশের বিরাশিটি ইউনিটকে একটানা মাঠে সক্রিয় রাখার চ্যালেঞ্জ আমার কাঁধে ছিল এবং যুবদলের প্রতিটি ইউনিট সর্বশক্তি দিয়ে ছাত্র-জনতার আন্দোলনের পাশে দাঁড়িয়েছিল। আগামী দিনে সব অপপ্রচার রুখে দিয়ে নিয়ে দেশের জনগণকে সঙ্গে নিয়ে সৃজনশীল ও জনকল্যাণমুখী রাজনীতির মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে যুবদলকে ভূমিকা রাখতে হবে।

 
ইত্তেফাক/এমএসআর