সাশ্রয়ী ও নিরাপদ হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করছে সরকার: বিমানমন্ত্রী

আপডেট : ০২ আগস্ট ২০২৬, ০০:৫০

সরকার সাশ্রয়ী, নিরাপদ ও স্বচ্ছ হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। একই সঙ্গে হজ এজেন্সিগুলোর যৌক্তিক কমিশন বাড়ানোর বিষয়েও সরকার ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবে বলে আশ্বাস দেন তিনি।

শনিবার (০১ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হজ্জ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত তিন দিনব্যাপী জাতীয় হজ ও ওমরাহ ফেয়ার-২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিমান মন্ত্রী বলেন, হজ শুধু সফর নয়, আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক নিরলস যাত্রা। এই পবিত্র ইবাদতের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেককে সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। অন্যায় করলে মহান আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এ বিষয়টি আমাদের সবসময় স্মরণ রাখতে হবে।

তিনি আরও বলেন, হজ এজেন্সিগুলোর কমিশন বাড়ানোর জন্য আমরা কাজ করব। অতীতে বিমান টিকিটের অস্বাভাবিক মূল্য নির্ধারণের মাধ্যমে সম্মানিত হজযাত্রীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা হয়েছে। আমরা দায়িত্ব গ্রহণের পর সেই সিন্ডিকেট ভেঙে দিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সাশ্রয়ী ও নিরাপদ হজ নিশ্চিত করতে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে।

আফরোজা খানম বলেন, সরকারে ৫ মাসে দুই হজে কমানো হয়েছে ৩৬ হাজার ৮৩০ টাকা। সৌদি সরকারের সাথে আলোচনা চলছে। বিমান ভাড়া আরো কমতে পারে।

বক্তব্যের শেষে মন্ত্রী বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতিগুলো সফলভাবে বাস্তবায়নের জন্য উপস্থিত সকলের কাছে দোয়া কামনা করেন।

 
ইত্তেফাক/এমএসআর