টরন্টোর আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস এবং সিটি কর্তৃপক্ষের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ৮ম সম্মিলিত বাংলামেলার তারিখ একদিন পিছিয়ে দেওয়া হয়েছে।
পূর্বঘোষিত সূচি অনুযায়ী ২ আগস্ট (রোববার) মেলাটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, এখন তা ৩ আগস্ট (সোমবার) একই স্থানে অনুষ্ঠিত হবে।
আয়োজকরা জানান, শুরুতে মেলাটি দুই দিনব্যাপী আয়োজনের পরিকল্পনা থাকলেও পরে তা একদিনে সীমিত করা হয়। তবে বৃষ্টির পূর্বাভাসের কারণে লং উইকএন্ডের সোমবার অনুষ্ঠানটি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ সিদ্ধান্তের কথা জানানো হয় শনিবার বিকেলে মেলার মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনে। এতে বক্তব্য দেন আয়োজক মাহবুব রব চৌধুরী, দীন ইসলাম, রিপন মাহমুদ ও জিলানীসহ অন্যরা।
উল্লেখ্য, ‘৮ম ইউনাইটেড বাংলামেলা ২০২৬’-এর উদ্বোধনী সভা গত ২৬ জুলাই টরন্টোর ‘বিডি ফিউশন’ রেস্টুরেন্টে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
ইউনাইটেড বাংলামেলার প্রতিষ্ঠাতা পরিচালক ও কমিউনিটি ব্যক্তিত্ব খন্দকার আব্দুল আহাদের সভাপতিত্বে এবং মেলার অন্যতম পরিচালক ও জালালাবাদ অ্যাসোসিয়েশন অব টরন্টোর সাবেক সভাপতি মাহবুব চৌধুরী রনির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টরন্টো সিটি কাউন্সিলর পার্থি কান্দাভেল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব টরন্টোর সাবেক সভাপতি রেজাউর রহমান, পরিচালক আরিফ আহমেদ, দীন ইসলাম, মোর্শেদ নিজাম, সিপিএ, ডা. এ. এস. এম. নুরউল্লাহ তরুণ, নওসের আলী ও ফয়জুল করিম।
আয়োজক সূত্রে জানা গেছে, সাংস্কৃতিক আয়োজনে জনপ্রিয় ব্যান্ড ‘ফিডব্যাক’-এর কণ্ঠশিল্পী মাকসুদুল হক, কণ্ঠশিল্পী রিজিয়া পারভীনসহ টরন্টোর স্থানীয় শিল্পীরা অংশ নেবেন।

