মেসির কামব্যাক ম্যাচে আত্মঘাতী গোল কাসেমিরোর

আপডেট : ০২ আগস্ট ২০২৬, ১১:৫৭

৫৩তম মিনিটে লিওনেল মেসি মাঠে নামতেই যেন প্রাণ ফিরে পায় পুরো স্টেডিয়াম। এতক্ষণ যার অপেক্ষায় ছিলেন দর্শকরা, তার আগমনে গ্যালারিজুড়ে ছড়িয়ে পড়ে উচ্ছ্বাস। একসঙ্গে ধ্বনিত হতে থাকে-‘মেসি! মেসি!’। বিশ্বকাপ ফাইনালের পর ইন্টার মায়ামির জার্সিতে তার প্রত্যাবর্তন বৃষ্টি-ভেজা স্টেডিয়ামের পরিবেশকে মুহূর্তেই উৎসবমুখর করে তোলে।

তবে ফেরার ম্যাচে সমর্থকদের জয় উপহার দিতে পারেননি ইন্টার মায়ামি অধিনায়ক। ঘরের মাঠে কলম্বাস ক্রুর সঙ্গে ২-২ গোলে ড্র করেছে তার দল।

এই ড্রয়ে ইন্টার মায়ামির টানা ছয় ম্যাচে জয়ের ধারা থেমেছে। তবে ইস্টার্ন কনফারেন্স ও সাপোর্টার্স শিল্ডের পয়েন্ট তালিকায় এখনো দ্বিতীয় স্থান ধরে রেখেছে মায়ামি। শীর্ষে থাকা ন্যাশভিলও নিজেদের ম্যাচে ড্র করায় মায়ামি তাদের চেয়ে দুই পয়েন্টেই পিছিয়ে আছে।

মেসির সঙ্গে আর্জেন্টিনার আরেক তারকা রদ্রিগো দি পলও বিশ্বকাপের পর আজ মাঠে ফিরেছেন। তিনি শুরু থেকেই খেলেছেন, মায়ামির দ্বিতীয় গোল তৈরিতে তার অবদানও ছিল।

বিশ্বকাপ শেষে মেসি ও দি পলের সর্বোচ্চ ২১ দিন পর্যন্ত বিশ্রাম নেওয়ার সুযোগ ছিল, তবে দুজনেই দ্রুতই ক্লাবের অনুশীলনে ফেরেন। বুধবার অনুশীলনে যোগ দেওয়ার পর আজ প্রথমবার ম্যাচ খেলেছেন।

মেসি মাঠে নামার আগ পর্যন্ত উরুগুয়ের তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ ছিলেন দলটির নেতৃত্বে। ম্যাচের প্রথম গোলটাও করেন এই সুয়ারেজই। ম্যাচের ১৬ মিনিটে প্রায় ৪০ গজ দূর থেকে দারুণ এক লব শটে গোল করে মায়ামিকে এগিয়ে দেন তিনি। তবে ৩৪তম মিনিটে কাসেমিরোর আত্মঘাতী গোলে কলম্বাস সমতায় ফেরে।

তিন দিন আগে মন্ট্রিয়েলের বিপক্ষে অভিষেকের পর আজ মায়ামির মাঠে প্রথমবার মাঠে নেমেছিলে কাসেমিরো। সমতার পর বিরতির আগে মায়ামি আরও একবার এগিয়ে যায়। প্রথমার্ধের যোগ করা সময়ে সুয়ারেজের নিখুঁত ক্রস থেকে হেডে গোল করেন নোয়া অ্যালেন।

দ্বিতীয়ার্ধে লিওনেল মেসির মাঠে নামার পর ইন্টার মায়ামির আক্রমণে গতি বাড়লেও ব্যক্তিগতভাবে গোলের দেখা পাননি তিনি। ম্যাচের ৮৪তম মিনিটে একটি ফাউল থেকে পাওয়া ফ্রি কিক কাজে লাগিয়ে গোল করেন মেন্দেজ, তাতে সমতায় ফেরে কলম্বাস।

১৮ ম্যাচ শেষে এমএলএসের পয়েন্ট তালিকায় ইন্টার মায়ামির ঝুলিতে রয়েছে ৩৮ পয়েন্ট। এক ম্যাচসংখ্যায় ন্যাশভিল এগিয়ে আছে ৪০ পয়েন্ট নিয়ে। আগামী ৬ আগস্ট সেন্ট লুইসের বিপক্ষে মাঠে নামবে মেসির দল।

 
ইত্তেফাক/আরএইচ