সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কিডনি রোগে আক্রান্ত কিশোর হৃদয় শেখের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ব্যাংক থেকে নেওয়া অটোভ্যানের ঋণ পরিশোধের পাশাপাশি হৃদয় ও তার বাবার চিকিৎসার দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।
জানা গেছে, কামারখন্দ উপজেলার চৌদুয়ার গ্রামের সুজাব আলী ও আমিনা বেগম দম্পতির ছেলে হৃদয় শেখ (১৬) কিডনি রোগে আক্রান্ত। তার বাবাও দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় পরিবারের একমাত্র উপার্জনকারী হয়ে ওঠে হৃদয়। প্রথমে ভাড়ায় ব্যাটারিচালিত ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করলেও পরে ব্যাংক থেকে ঋণ নিয়ে একটি ব্যাটারিচালিত অটোভ্যান কেনে। কিন্তু নিজের অসুস্থতা, বাবার চিকিৎসা ও সংসারের ব্যয় মেটাতে গিয়ে ঋণের বোঝা সামলানো কঠিন হয়ে পড়ে।
হৃদয় শেখের পরিবারের দুর্দশা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ব্যক্তিগত কর্মকর্তা আব্দুল্লাহ আল কায়েসের নজরে আসে। পরে তিনি বিষয়টি বিদ্যুৎমন্ত্রীকে জানালে পরিবারের পাশে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়।
শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় বিদ্যুৎমন্ত্রী টুকুর প্রতিনিধি দল হৃদয় শেখের বাড়িতে গিয়ে পরিবারের খোঁজখবর নেয় এবং আর্থিক সহায়তা প্রদান করে।
বিদ্যুৎমন্ত্রীর পক্ষ থেকে ব্যক্তিগত কর্মকর্তা আব্দুল্লাহ আল কায়েস ব্যাংক ঋণ পরিশোধের জন্য ৪০ হাজার টাকা এবং চিকিৎসা সহায়তা হিসেবে আরও ১০ হাজার টাকা প্রদান করেন। মোট ৫০ হাজার টাকার এই সহায়তা পেয়ে স্বস্তি ফিরে এসেছে পরিবারটিতে।
এ সময় কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উথানসহ উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা হৃদয় ও তার বাবার চিকিৎসায় ভবিষ্যতেও সহযোগিতার আশ্বাস দেন।
আব্দুল্লাহ আল কায়েস বলেন, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ বিদ্যুৎমন্ত্রীর নজরে আসে। তিনি বিষয়টিকে গুরুত্ব দিয়ে হৃদয়ের পরিবারের ঋণ পরিশোধ এবং চিকিৎসা সহায়তা দেওয়ার নির্দেশ দেন। ভবিষ্যতেও পরিবারের পাশে থাকার চেষ্টা করা হবে।
ঋণের বোঝা থেকে মুক্তি পেয়ে হৃদয় শেখ বলেন, গণমাধ্যমে সংবাদ প্রকাশের কারণে টুকু ভাই আমাদের বিষয়ে জানতে পেরেছেন। তিনি আমাদের ঋণ পরিশোধ করে দিয়েছেন এবং চিকিৎসার জন্যও সহায়তা করেছেন। আমরা তার প্রতি কৃতজ্ঞ।

