চিপসের প্যাকেটে পাওয়া খেলনা বল গিলে ফেলল ৫ বছরের শিশু, মৃত্যু

আপডেট : ০২ আগস্ট ২০২৬, ১৪:৪৩

ভারতের কর্ণাটকের মাইসুরু জেলায় চিপসের প্যাকেটের ভেতরে থাকা ছোট প্লাস্টিকের খেলনা বল গিলে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার (১ আগস্ট) এ ঘটনায় পুলিশ মামলা করে তদন্ত শুরু করেছে।

নিহত শিশুটির নাম মুকুন্দ ময়ূর। সে সাবেক গ্রাম পঞ্চায়েতের সহ-সভাপতি গৌরাম্মা ও শঙ্কর নায়কের নাতি এবং সন্তোষ ও ঐশ্বর্যার একমাত্র ছেলে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, কুরকুরের একটি প্যাকেটের ভেতরে থাকা ছোট প্লাস্টিকের উপহারসামগ্রী হিসেবে রাখা বলটি শিশুটি মুখে দেয় এবং পরে সেটি গিলে ফেলে। ধারণা করা হচ্ছে, বলটি তার গলায় আটকে যাওয়ায় শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছে।

ঘটনার পর হুনসুর গ্রামীণ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। কীভাবে ঘটনাটি ঘটেছে এবং প্যাকেটে থাকা খেলনাটির ভূমিকা ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

এর আগে চলতি বছরের মার্চে একই জেলার হুনসুর এলাকার দোড্ডাহেজ্জুর গ্রামে আরও একটি শ্বাসরোধজনিত দুর্ঘটনায় ছয় মাস ১৫ দিন বয়সী এক শিশুর মৃত্যু হয়।

চিন্ময় গৌড়া নামে ওই শিশু বড় ভাইবোনের সঙ্গে খেলছিল। এ সময় বাড়ির প্রবেশপথে পূজার জন্য রাখা শুকনো জবা ফুলের একটি অংশ মুখে দেয় সে। ভাইবোন সেটি বের করার চেষ্টা করলে শিশুটি ফুলের অংশটি গিলে ফেলে।

এরপর শ্বাসকষ্ট শুরু হলে তাকে প্রথমে হানাগোদুর একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য মাইসুরুর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হলেও চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ হয়। শেষ পর্যন্ত শিশুটির মৃত্যু হয়, যা পরিবারকে শোকাহত করে।

ইত্তেফাক/এনএন