কুমিল্লা

ইটবোঝাই বাল্কহেডের ওপর ভেঙে পড়ল বেইলি সেতু

আপডেট : ০২ আগস্ট ২০২৬, ১৬:৪০

কুমিল্লার দাউদকান্দিতে খিরাই নদের ওপর নির্মিত বেইলি সেতু ভেঙে ইটবোঝাই বাল্কহেডের ওপর পড়েছে। এতে দাউদকান্দি উপজেলা ছাড়াও আশেপাশের কয়েক গ্রামের মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।

শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ সময় বাল্কহেডের চালক, সুকানি, সহকারীসহ ১৭ শ্রমিক সাঁতরে তীরে উঠেন। 

বাল্কহেডের মালিক পাটোয়ারী জানান, ইটবোঝাই বাল্কহেডটি ঢাকার জিঞ্জিরা থেকে শনিবার ভোরে রওনা দেয়। সন্ধ্যা ছয়টার দিকে খিরাই নদী দিয়ে দাউদকান্দি উপজেলার খামারপাড়া বেইলি সেতুর নিচে পৌঁছালে হঠাৎ বিকট শব্দে সেতুটি ভেঙে বাল্কহেডের ওপর পড়ে। এ সময় বাল্কহেডে থাকা সবাই সাঁতরে তীরে উঠে প্রাণে রক্ষা পান। 

বাল্কহেডের শ্রমিক কাশেম মিয়া জানান, ঘটনার সময় বাল্কহেড থেকে সাঁতরে তীরে উঠে প্রাণ রক্ষা করেন। কিন্তু তাদের কাছে থাকা মুঠোফোন, টাকা, ব্যাগে থাকা পোশাক, ঘুমানোর চাদরসহ বিভিন্ন সামগ্রী ভেসে গেছে।

সেতু ভেঙে যাওয়ায় যানবাহন চলাচল বন্ধ থাকায় দাউদকান্দি উপজেলা ছাড়াও চাঁদপুরের মতলব দক্ষিণ, কচুয়া, হাজীগঞ্জ, ফরিদগঞ্জ ও চাঁদপুর সদর উপজেলার একাধিক গ্রামের মানুষ দুর্ভোগে পড়েছেন।

এ বিষয়ে বক্তব্য জানতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) দাউদকান্দি উপজেলা প্রকৌশলী মো. জাহিদুল ইসলামের একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

ইত্তেফাক/এসএএস