ব্রাজিলের বিশ্বকাপ খলনায়ক থেকে রেকর্ড ট্রান্সফারের দ্বারপ্রান্তে গিমাইরেস

আপডেট : ০২ আগস্ট ২০২৬, ১৮:০৯

২০২৬ বিশ্বকাপের শেষ ১৬-এর ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিদায় নেয় ব্রাজিল। ম্যাচের শুরুতেই পেনাল্টি পেয়েছিল সেলেসাওরা। তবে স্পটকিক থেকে গোল করতে ব্যর্থ হন মিডফিল্ডার ব্রুনো গিমাইরেস। এতে ব্রাজিলের খলনায়ক বনে যান তিনি। 

তবে ব্রাজিলের বিশ্বকাপ দুঃখ ভুলে আর্সেনালে ইতিহাস গড়তে চলেছেন ব্রুনো গিমাইরেস। গানারদের ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় হওয়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার। 

নিউক্যাসল ইউনাইটেড থেকে ব্রুনোকে দলে ভেড়াতে প্রায় ৮০ মিলিয়ন পাউন্ড, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৩২০ কোটি টাকা খরচ করতে যাচ্ছে আর্সেনাল। সবকিছু ঠিক থাকলে মেডিকেল পরীক্ষার পর আর্সেনালের সঙ্গে ২০৩১ সাল পর্যন্ত পাঁচ বছরের চুক্তি করবেন ২৮ বছর বয়সী এই মিডফিল্ডার।

আর্সেনালের পরিকল্পনায় গিমাইরেসকে দেখা হচ্ছে মাঝমাঠের নেতৃত্ব ও সৃজনশীলতা বাড়ানোর গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে। তার টেকনিক্যাল দক্ষতা, ধারাবাহিকতা এবং নেতৃত্বগুণকে মিকেল আর্তেতার দলের জন্য আদর্শ বলে মনে করছে ক্লাবটি।

চুক্তিটি সম্পন্ন হলে গিমাইরেসই হবেন আর্সেনালের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড়। প্রায় ৮০ মিলিয়ন পাউন্ডের এই দলবদল শুধু ক্লাবটির নতুন রেকর্ডই গড়বে না, ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসের অন্যতম বড় দলবদল হিসেবেও জায়গা করে নেবে।

ইত্তেফাক/জেডএইচ