মধ্যপ্রাচ্য সংঘাতে ইরানে ২,৫০০-এর বেশি শিশু হতাহত: ইউনিসেফ

আপডেট : ০২ আগস্ট ২০২৬, ১৮:৫১

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ইরান ও এর প্রতিবেশী মার্কিন মিত্রদেশগুলোতে শিশু হতাহতের সংখ্যা চার হাজার ছাড়িয়েছে।

জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের ভারপ্রাপ্ত পরিচালক আবদুল ফোফানা এক বিবৃতিতে এ তথ্য দিয়েছেন।

শুক্রবার (৩১ জুলাই) ইউনিসেফের ওয়েবসাইটে প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, ইরান ও পার্শ্ববর্তী দেশগুলোতে যুদ্ধের প্রভাব এখনো রয়ে গেছে। বাড়ি, স্কুল কিংবা নিজেদের এলাকা, যেখানে শিশুদের সবচেয়ে নিরাপদ থাকার কথা, সেখানেই তারা প্রাণ হারাচ্ছে বা পঙ্গু হয়ে যাচ্ছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, গত ৩০ জুলাই ইরানের দক্ষিণ উপকূলের কাছে কেশম দ্বীপের একটি আবাসিক ভবনে মার্কিন হামলায় মা-বাবার সঙ্গে দুই বছরের এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুই শিশু।

আবদুল ফোফানা বলেন, সাম্প্রতিক হামলাগুলো দেখিয়ে দিচ্ছে যে পুরো অঞ্চলজুড়ে শিশুরাই সংঘাতের সবচেয়ে বড় মূল্য চোকাচ্ছে। গত পাঁচ মাসের যুদ্ধে এ অঞ্চলের ছয়টি দেশে চার হাজারের বেশি শিশু নিহত বা আহত হয়েছে। এর মধ্যে শুধু ইরানেই আড়াই হাজারের বেশি শিশু হতাহত। দেশটিতে ৩৮৬ জন শিশু নিহত এবং দুই হাজার ১১৭ জন আহত হয়েছে।

তিনি আরও বলেন, সংঘাতে জড়িত পক্ষগুলোর শিশুদের এমন দুর্ভোগকে স্বাভাবিক বলে মেনে নেওয়া উচিত নয়। যে সংঘাত শিশুরা শুরু করেনি এবং যা থামানোর কোনো ক্ষমতাও তাদের নেই, সেই সংঘাতের সবচেয়ে ভয়াবহ শিকার হচ্ছে শিশুরাই।

ইউনিসেফ মধ্যপ্রাচ্যের বিবদমান পক্ষগুলোর প্রতি আন্তর্জাতিক মানবিক আইনের বাধ্যবাধকতা মেনে চলার আহ্বান জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, যুদ্ধবিরতির প্রতি পূর্ণ সম্মান দেখিয়ে তা কার্যকর করতে হবে এবং এখনই সহিংসতা বন্ধ করতে হবে। যেখানেই থাকুক না কেন, শিশুদের সার্বক্ষণিক সুরক্ষা নিশ্চিত করতে সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নিতে হবে।

ইত্তেফাক/এবিএস