যতই সমালোচনা করেন, পার্লামেন্টে বলেন আর সংসদে বলেন কিংবা বাইরে সমালোচনা করেন, আমিসহ বগুড়ার সাত এমপি বগুড়ার উন্নয়নের ব্যাপারে একবিন্দু ছাড় দিতে রাজি নই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি বলেন, এখন বগুড়ায় কোনো উন্নয়ন হলেই মনে হয় সব বগুড়া নিয়ে যাচ্ছি। তবে সব নিয়ে আসছি না- এটা তো শহিদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার বগুড়া, তারেক রহমানের বগুড়া।
রোববার (২ আগস্ট) দুপুরে বগুড়ার মম ইন হোটেলের অডিটোরিয়ামে তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবদের এআই প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়নসংক্রান্ত প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
বক্তব্যের শুরুতে প্রতিমন্ত্রী বলেন, বিএনপি সরকারের উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে আগামী দেড় বছরে এক কোটি মানুষের কর্মসংস্থান—এর জন্য এই কর্মসূচিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কর্মসূচির মাধ্যমে তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন ৬৪ জেলার ১১ হাজার ২০০ তরুণ-তরুণীকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলার এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।
বগুড়ার অবকাঠামো ও উন্নয়ন প্রকল্পের চিত্র তুলে ধরে মীর শাহে আলম আরও বলেন, বিগত ২০ বছর ধরে অবহেলিত ও বঞ্চিত বগুড়া জেলায় আন্তর্জাতিক বিমানবন্দর, সিরাজগঞ্জ-বগুড়া সংযোগ রেলপথ, সিটি করপোরেশন, উন্নয়ন কর্তৃপক্ষ কিংবা নতুন জোন অফিস স্থাপন যা কিছু হচ্ছে, তা মূলত শূন্যস্থান পূরণ। দীর্ঘদিনের বঞ্চনা দূর করতেই এসব উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে।
উত্তরাঞ্চলের অর্থনৈতিক ও বাণিজ্যিক গুরুত্ব বিবেচনায় বগুড়ায় দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের যৌক্তিকতা তুলে ধরে তিনি বলেন, ফিজিবিলিটি স্টাডি অনুযায়ী বগুড়া থেকে মাদারগঞ্জ পয়েন্টেই দ্বিতীয় যমুনা সেতু হওয়া উচিত এবং বগুড়াবাসী এই সেতু এখানেই চায়।
শিক্ষা ও ক্রীড়া খাতের প্রসঙ্গ টেনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানান, বহু প্রতীক্ষিত বগুড়া বিশ্ববিদ্যালয়কে একটি বহুমাত্রিক পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং শহরতলির সুবিধাজনক স্থানেই এটি স্থাপন করা হবে। এছাড়া বগুড়া তিনমাথা এলাকায় বহুমাত্রিক সুবিধার আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের জন্য স্থান নির্ধারণ পরিদর্শনের কথা নিশ্চিত করেন তিনি।
অনুষ্ঠানে ই-লার্নিং অ্যান্ড আর্নিং প্রতিষ্ঠানের মাধ্যমে বগুড়ার ১২টি উপজেলায় প্রশিক্ষণ কেন্দ্র খুলে তরুণ-তরুণীদের আরও বেশি দক্ষ ও স্বাবলম্বী করার আহ্বান জানানো হয়।

