বিনোদন অঙ্গনের কাস্টিং কাউচ নিয়ে মুখ খুলেছেন ভারতীয় অভিনেত্রী আকাঙ্ক্ষা চৌধুরী। ক্যারিয়ারের শুরুতে এক প্রভাবশালী ব্যক্তির কাছ থেকে কুপ্রস্তাব পাওয়ার তিক্ত অভিজ্ঞতা প্রকাশ্যে এনেছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী আকাঙ্ক্ষা জানান, ক্যারিয়ারের শুরুতে একটি বিউটি পেজেন্টে অংশ নেওয়ার জন্য তার প্রয়োজন ছিল ১ থেকে ২ লাখ রুপি। পোশাক, প্রশিক্ষণসহ অন্যান্য খরচ বহনের মতো আর্থিক সামর্থ্য তখন তার পরিবারের ছিল না।
তাই পেজেন্ট অঙ্গনের পরিচিত এক ব্যক্তির কাছে আর্থিক সহায়তা চেয়েছিলেন তিনি। তবে সেখানেই ঘটে অপ্রত্যাশিত ঘটনাটি।
আকাঙ্ক্ষার ভাষ্য, অর্থের বিনিময়ে ওই ব্যক্তির হয়ে কয়েক মাস কর্মী হিসেবেও কাজ করতে রাজি ছিলেন তিনি। পরে ওই ব্যক্তি তাকে নিজের বাসায় আসতে বলেন। এর আগে সেখানে যাওয়ার অভিজ্ঞতা থাকায় কোনো ধরনের সন্দেহ না করেই সেখানে যান আকাঙ্ক্ষা।
ঘটনার বর্ণনা দিয়ে আকাঙ্ক্ষা বলেন, ‘আমি পৌঁছানোর পর তিনি প্রথমে আমাকে জড়িয়ে ধরতে এগিয়ে আসেন। কিন্তু আলিঙ্গনের বদলে আমাকে ধাক্কা দিয়ে জোর করে ধরে ফেলেন। তিনি বয়স্ক ছিলেন। তাই আমি তার হাত সরিয়ে নিজেকে ছাড়িয়ে নিই। এরপর ওই ব্যক্তি আমাকে বলেন, তুমি যদি আরও আগে আমার কাছে আসতে, তাহলে ইন্ডাস্ট্রিতে অনেক বড় হতে পারতে।’
এরপর ওই ব্যক্তি তাকে আপত্তিকর প্রস্তাব দেন বলে অভিযোগ করেন আকাঙ্ক্ষা। অভিনেত্রীর তথ্যমতে, ওই ব্যক্তি আমাকে বলেন, আমি তোমাকে এই টাকা দেব, কিন্তু এর বিনিময়ে তোমাকে আমার সঙ্গে যৌন সম্পর্ক করতে হবে। এমনকি মাসে কতবার শারীরিক সম্পর্ক করতে হবে, সেটিও শর্ত হিসেবে জানিয়ে দেন তিনি।
ওই ব্যক্তির উদ্দেশ্য আগে বুঝতে না পারায় আফসোসের কথাও জানান অভিনেত্রী। তিনি বলেন, ‘আমি যদি তার আসল উদ্দেশ্য জানতাম, তাহলে কখনো দেখা করতে যেতাম না। প্রস্তাব প্রত্যাখ্যান করার পর ওই ব্যক্তি আমাকে বলেছিলেন, দুই বছরের মধ্যে এই সিদ্ধান্তের জন্য তিনি অনুতপ্ত হবেন।’
তবে সেই প্রস্তাব ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে কোনো অনুশোচনা নেই আকাঙ্ক্ষার। নিজের সাফল্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘সেই সিদ্ধান্ত নিয়ে আমার কোনো আফসোস নেই। ছয় মাস পর আমি একটি বড় শোয়ের অংশ হই। আর এক বছরের মধ্যেই দেশের অন্যতম বড় একটি মঞ্চে দাঁড়াই। আমার সাফল্য ও পরিচিতি সম্পূর্ণ নিজের পরিশ্রমের ফল।’
তবে অভিযোগে অভিযুক্ত ব্যক্তির নাম প্রকাশ করেননি আকাঙ্ক্ষা চৌধুরী। এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তির কোনো বক্তব্যও এখন পর্যন্ত প্রকাশ্যে আসেনি।

