ট্রেনের ময়লার ঝুড়িতে ফেলে যাওয়া স্বর্ণালংকার ও টাকা মালিকের কাছে ফিরিয়ে দিয়ে প্রশংসিত হয়েছেন মহানগর গোধূলি ট্রেনের স্টুয়ার্ড গার্ড মো. মোশারফ হোসেন।
তার এই সততার স্বীকৃতি হিসেবে রোববার (২ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম তাকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দেন। পাশাপাশি উপহার হিসেবে তার হাতে নগদ অর্থ তুলে দেন এবং সমাজে ভালো কাজের দৃষ্টান্ত স্থাপনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মো. মোশারফ হোসেন ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কাউতলীর বাসিন্দা। তিনি রেলওয়ের স্টুয়ার্ড পদে চাকুরি করেন।
এর আগে, গত ১৫ জুলাই মহানগর গোধূলি 'মহানগর গোধূলি' ট্রেনে দায়িত্ব পালনকালে নরসিংদী স্টেশনে একটি ট্রেনের ময়লার ঝুড়ি পরিষ্কার করার সময় মোশারফ হোসেন একটি জর্দার কৌটা পান। কৌটাটি খুলে ভেতরে দেড় ভরি ওজনের স্বর্ণের চেইন এবং নগদ দুই হাজার টাকা দেখতে পান তিনি।
লোভের বশবর্তী না হয়ে তিনি তাৎক্ষণিকভাবে প্রকৃত মালিককে খোঁজাখুঁজি করেন এবং পরে ভৈরব বাজার জংশন স্টেশনে আইনি প্রক্রিয়ায় উদ্ধারকৃত স্বর্ণ ও টাকা প্রকৃত মালিকের হাতে তুলে দেন।
স্টুয়ার্ড মোশারফ হোসেনের এই অনন্য দায়িত্ববোধের খবর স্থানীয় সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হলে সর্বস্তরের মানুষের প্রশংসা কুড়ান তিনি। তার এই সততায় জেলা পরিষদের পক্ষ থেকে তাকে সম্মানিত করার উদ্যোগ নেওয়া হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক মো. সিরাজুল ইসলাম সিরাজ বলেন, বর্তমান সময়ে এমন সৎ মানুষ খুবই কম। মোশারফ হোসেন তার সততার মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার সম্মান বাড়িয়েছেন।
এ বিষয়ে মোশারফ হোসেন বলেন, আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি। এই সম্মান আমাকে ভবিষ্যতেও সততার সঙ্গে কাজ করার অনুপ্রেরণা দেবে।

