ঢাকার সিএমএম আদালতে হাজিরা দিতে আনা এক কারাবন্দী আসামির জন্য স্বজনের দেওয়া পাউরুটির ভেতর অভিনব কায়দায় লুকিয়ে আনা হয়েছিল গাঁজা। হাজতখানায় নেওয়ার আগে নিয়মিত তল্লাশির সময় পাউরুটির ভেতর থেকে দুই পুরিয়া গাঁজা উদ্ধার করে পুলিশ।
রোববার (২ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আরিফুল ইসলামের আদালতে হাজির করা হয় আসামি মো. মামুনকে। হাজিরা শেষে তাঁকে আদালতের হাজতখানায় নেওয়ার সময় এ ঘটনা ঘটে।
ডিএমপি প্রসিকিউশন বিভাগের উপকমিশনার (ডিসি) মহিউদ্দিন মাহমুদ সোহেল বলেন,'মামলার হাজিরা শেষে কারাবন্দী আসামি মো. মামুনকে আদালত থেকে হাজতখানায় নেওয়ার সময় আসামির স্বজনেরা খাবার দেওয়ার জন্য অনুরোধ করেন। দায়িত্বরত পুলিশ সদস্য শুরুতে রাজি না হলেও মানবিক বিবেচনায় পাউরুটিটি নেওয়ার অনুমতি দেন।
প্রথমে সাধারণ তল্লাশিতে কিছু ধরা না পড়লেও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের এসকর্ট কনস্টেবল মো. শাহেদ পুনরায় সূক্ষ্মভাবে পরীক্ষা শুরু করেন। একপর্যায়ে পাউরুটিতে একটি ছোট ছিদ্র দেখে সন্দেহ হলে সেটি চিরে ভেতরে কাগজে মোড়ানো দুই পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। বেলা তিনটার পর এ ঘটনা ঘটে।'
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, কে খাবারটি দিয়েছিল, তাকে শনাক্ত করতে আদালত চত্বরের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে আসামিকেও জিজ্ঞাসাবাদ করা হবে। জড়িত ব্যক্তিকে শনাক্ত করা গেলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মহিউদ্দিন মাহমুদ বলেন, মামুন কোন মামলায় কারাগারে আছেন, তা তাৎক্ষণিক জানা যায়নি। তবে এ ঘটনায় একটি জিডি করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

