গ্রিসে দাবানল নেভাতে গিয়ে আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২

আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ১১:০১

গ্রিসে দাবানল নিয়ন্ত্রণে কাজ করার সময় মাঝ আকাশে দুটি হেলিকপ্টারের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নিহতদের একজন ডেনমার্কের একজন পাইলট এবং অন্যজন গ্রিক ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা। এ ঘটনায় আরও দুজন প্রাণে বেঁচে গেছেন। খবর রয়টার্সের।

রোববার (২জুলাই) অ্যাটিকা ও বোয়েটিয়া সীমান্তে ছড়িয়ে পড়া বড় দাবানল নিয়ন্ত্রণে কাজ করছিল ভাড়া করা দুটি বেল হেলিকপ্টার। এ সময় আকাশে তাদের মধ্যে সংঘর্ষ হয় বলে জানিয়েছে গ্রিসের ফায়ার সার্ভিস।

ইউরোপজুড়ে ভয়াবহ দাবানল দেখা দিয়েছে

ঘটনার ভিডিওতে দেখা যায়, একটি হেলিকপ্টার অন্যটির প্রোপেলারে আঘাত করলে সেটিতে আগুন ধরে যায়। পরে সেটি একটি গিরিখাতে বিধ্বস্ত হয়। অন্য হেলিকপ্টারটি জরুরি অবতরণ করতে সক্ষম হয়।

দুর্ঘটনায় দ্বিতীয় হেলিকপ্টারের ব্রিটিশ পাইলট ও গ্রিক ফায়ার সার্ভিসের আরেক কর্মকর্তা অক্ষত অবস্থায় উদ্ধার হন।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোতাকিস। এদিকে, চলতি সপ্তাহে তীব্র দাবানলে গ্রিসের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনের ঝুঁকিতে থাকা বহু বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

 
ইত্তেফাক/এসজে