বগুড়ার শেরপুরে ঢাকা–বগুড়া মহাসড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ঢাকাগামী যাত্রীবাহী বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন। রোববার (২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ছোনকা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন জয়পুরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী যমুনা লাইন পরিবহনের বাসের চালকের সহকারী নয়ন (৩৮)। তিনি নওগাঁর ধামইরহাট উপজেলার জাহানপুর গ্রামের বাসিন্দা। অপর নিহত মাসুদুর রহমান (৩৮) একই উপজেলার চানপুরি গ্রামের বাসিন্দা। তিনি কাঁচামাল ব্যবসায়ী ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ছোনকা বাজার এলাকায় একটি ট্রাক বিকল হয়ে মহাসড়কে দাঁড়িয়ে ছিল। এ সময় জয়পুরহাট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা যমুনা লাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের চালকের সহকারী ও এক যাত্রীর মৃত্যু হয়।
দুর্ঘটনার পর শেরপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন। আহতদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত দুজনের মরদেহ শেরপুর হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাজ্জাদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দ্রুতগতিতে চলার কারণে যাত্রীবাহী বাসটি সামনে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর বাস ও ট্রাকটি জব্দ করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

