মিয়ানমারের আটক সাবেক নেত্রী অং সান সু চি আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) এক প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে নিশ্চিত করেছে দেশটির সরকার। ৮১ বছর বয়সী এই নোবেল বিজয়ীর শারীরিক অবস্থা নিয়ে দীর্ঘদিন ধরে চলা নানা জল্পনা-কল্পনার মধ্যে রাজধানী নেপিডোতে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
মিয়ানমার সরকারের মুখপাত্র খাইং খাইং সো টেলিগ্রামের এক বার্তায় জানান যে অং সান সু চি আইসিআরসির মিয়ানমারের আবাসিক প্রতিনিধি আরনাউদ দ্য বেকের সঙ্গে বৈঠকে মিলিত হন। সরকারের দেওয়া কিছু ছবিতে সু চিকে বর্মি ঐতিহ্যবাহী পোশাকে ওই কর্মকর্তার সঙ্গে দেখা যায়, এবং একটি ছবিতে তাকে কেক কাটতেও দেখা যায়। তবে আইসিআরসি এই বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি এবং বৈঠকের স্থান বা তারিখ রয়টার্স স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।
ছায়া সরকার 'ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট'-এর মুখপাত্র নে ফোন লাট জানান যে তারা রেড ক্রসের পক্ষ থেকে বৈঠকের নিশ্চিতকরণের অপেক্ষায় আছেন এবং সু চির বিনাশর্তে মুক্তি দাবি করেছেন।
২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুতির পর থেকে সু চি বন্দি আছেন। বিভিন্ন মামলায় বিচার শেষে সু চিকে প্রথমে ৩৩ বছরের কারাদণ্ড দেওয়া হলেও পরবর্তীতে সাজা কমিয়ে ১৮ বছরে আনা হয়।
সু চির শারীরিক অবস্থা নিয়ে বেশ কিছু দিন ধরেই বিশ্বজুড়ে উদ্বেগ রয়েছে। গত এপ্রিলে সামরিক সমর্থিত নির্বাচনের মাধ্যমে সাবেক জান্তা প্রধান মিন অং হ্লাইং দেশের প্রেসিডেন্ট হওয়ার পর সু চিকে গৃহবন্দিত্বে স্থানান্তরিত করা হয়। তবে থাইল্যান্ড ও ফিলিপাইনসহ আসিয়ান জোটের একাধিক দেশ ও আন্তর্জাতিক প্রতিনিধিরা স্বাধীনভাবে সু চির সঙ্গে সাক্ষাতের দাবি জানিয়ে আসলেও এত দিন জান্তা সরকার সেই অনুমতি দেয়নি।
সূত্র: রয়টার্স

