ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার পূর্ব মসজিদপাড়া এলাকায় মাদক ব্যবসার অভিযোগকে কেন্দ্র করে কয়েকটি বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধরা।
সোমবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ আগস্ট মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ থাকা কুরবান নামে এক ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে সিহাব নামে এক যুবকের ওপর হামলা চালান। ওই ঘটনার প্রতিবাদে পরদিন স্থানীয় যুবকদের একটি দল এলাকায় গিয়ে অভিযুক্তদের সতর্ক করে।
অভিযোগ রয়েছে, এই ঘটনার জেরে সোমবার দুপুরে ৩০-৩৫ জনের যুবকদের একটি দল পূর্ব মসজিদপাড়ার কয়েকটি বাড়িতে প্রবেশ করে। এ সময় মাদক ব্যবসার অভিযোগে হৃদয় মিয়া (৪০) ও তানজিনার (৩৩) বাড়িতে ভাঙচুর করা হয়। হৃদয় মিয়ার একটি টিনশেড ঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় কিছু সময় উত্তেজনা বিরাজ করলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
আখাউড়া থানার ওসি মো. জাবেদ উল ইসলাম বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং ভাঙচুরের ঘটনার বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।

