বাংলাদেশ ও ভারতের আন্দোলনের তুলনা টেনে বিতর্কে তসলিমা, জবাব দিলেন দীপকে

আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ১৯:২৪

নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন সম্প্রতি ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনের সঙ্গে বাংলাদেশের ২০২৪ সালের ছাত্র আন্দোলনের তুলনা করেছেন। এ মন্তব্যের জবাব দিয়েছেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিত দীপক। তিনি বলেছেন, দুই দেশের আন্দোলনকে একই কাতারে ফেলা ঠিক নয়।

সোমবার (৩ আগস্ট) ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে দীপক বলেন, বাংলাদেশ ও নেপালের আন্দোলনের সঙ্গে যন্তর মন্তরের তুলনা করা হচ্ছে শুধু বদনাম করার জন্য। আমরা আলাদা।

রোববার এক মন্তব্যে তসলিমা নাসরিন জানান, সিজেপির আন্দোলন নিয়ে তিনি খুব একটা খোঁজখবর রাখেননি। তবে একটি ভিডিও ক্লিপ দেখে তার মনে হয়েছে ২০২৪ সালে বাংলাদেশের ছাত্র আন্দোলনের কথা। তিনি বলেন, বাংলাদেশের ছাত্র আন্দোলন আমাদের ধোঁকা দিয়েছে। আমরা ভেবেছিলাম ছাত্ররা শুধু কোটা পদ্ধতি বাতিল চায়। শেখ হাসিনা তাদের দাবি মেনেও নিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সরকারের পতন হয়। পরে দেখা যায় এর পেছনে জিহাদিরা ছিল। এর ফল বাংলাদেশের জন্য ভালো হয়নি।

তসলিমার এ মন্তব্যের জবাব দেওয়ার পাশাপাশি দীপক আরও জানান, দেশজুড়ে ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়ার পর সিজেপির দায়িত্ব অনেক বেড়ে গেছে। শিগগিরই দলের পরিসর আরও বাড়ানো হবে।

ভারতে গত মাসে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সিজেপি আন্দোলন শুরু করে। পরে এতে সাধারণ শিক্ষার্থীরাও যোগ দেয়। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগের ঘোষণা দেন,যখন দিল্লির যন্তর মন্তর থেকে আন্দোলন অন্য রাজ্যে ছড়িয়ে পড়ে।

ইত্তেফাক/এবিএস