ফেনী সীমান্তে নাইজেরিয়ান নাগরিক আটক

আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ০০:৩১

ফেনীর পরশুরাম সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে অস্টিন (৩৯) নামে এক নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় উপজেলার নিজকালিকাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পরশুরাম থানায় হস্তান্তর করে বিজিবি।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) নিজকালিকাপুর বিওপির একটি বিশেষ দল স্থানীয় ‘রফিক’ নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায়। সেখান থেকেই ওই নাইজেরিয়ান নাগরিককে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্টিন জানান, তিনি গত মার্চ মাসে বাংলাদেশে আসেন। এরপর অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার উদ্দেশ্যে ঢাকা থেকে ফেনীর পরশুরাম উপজেলার নিজকালিকাপুর এলাকায় অবস্থান নিয়েছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, ‘সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিতে ফেনী ব্যাটালিয়ন সর্বোচ্চ সতর্ক অবস্থায় গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।’ আটক নাইজেরিয়ান নাগরিককে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও তিনি জানান।

ইত্তেফাক/এনএন