২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের সময় আজকের এই দিনে (৪ জুলাই) দেশে তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। সে সময় উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় ৫ আগস্ট থেকে তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানানো হয়েছিল।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন জানিয়েছিলেন, তিন দিন সাধারণ ছুটির সিদ্ধান্ত হয়েছে। শিগগির এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করা হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার পদত্যাগের একদফা দাবি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ৪ আগস্ট থেকে সারা দেশে অসহযোগ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিল।
কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া সংগঠনটির সমন্বয়ক মো. নাহিদ ইসলাম ৩ আগস্ট বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘোষণা দিয়েছিলেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচির প্রথম দিনটি চলাকালে রাজধানীর শাহবাগসহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। এসব ঘটনায় ৫২ জন নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল।

