কানাডার টরন্টো যেন এক টুকরো বাংলাদেশ। হাজারো প্রবাসী বাংলাদেশির প্রাণচাঞ্চল্যে ছুটির দিনগুলোতে শহরটির বিভিন্ন হল, মিলনায়তন ও পার্ক মুখরিত হয়ে ওঠে কবিতা, গান, নৃত্য, সেমিনার, মেলা, বনভোজন ও নানা সাংস্কৃতিক আয়োজনে।
রোববার স্কারবরোর বার্চমাউন্ট মাঠে অনুষ্ঠিত হয় ৮ম সম্মিলিত বাংলামেলা। দিনব্যাপী আয়োজিত এ মেলায় ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। বাংলাদেশি ঐতিহ্যবাহী পোশাক, মুখরোচক খাবার ও বিভিন্ন পণ্যের স্টলের পাশাপাশি মেলার অন্যতম প্রধান আকর্ষণ ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী মাকসুদ হক।
মেলায় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন। তাদের মধ্যে ছিলেন সাংসদ ডলি বেগম, আসন্ন ফেডারেল উপনির্বাচনের প্রার্থী তানভীর শাহনেওয়াজ, প্রাদেশিক উপনির্বাচনের প্রার্থী আহসান হাফিজ, স্থানীয় সিটি কাউন্সিলর পার্থি কান্ডাভেল, ওয়াজির হোসেন মুরাদ, মাহবুব রব রনি এবং দ্বীন ইসলাম।
আয়োজকদের অন্যতম দ্বীন ইসলাম বলেন, এই বাংলামেলার সাফল্যের পেছনে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এটি মূলত কানাডাপ্রবাসী বাংলাদেশিদের সম্মিলিত উদ্যোগ।
মেলার শুরুতে স্থানীয় শিল্পীরা গান, নৃত্য ও অন্যান্য সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন। পরে মঞ্চে ওঠেন মাকসুদ হক। টানা কয়েক ঘণ্টা নিজের জনপ্রিয় গান পরিবেশন করে তিনি দর্শকদের উচ্ছ্বাসে মাতিয়ে তোলেন।
অনুভূতি প্রকাশ করে মাকসুদ বলেন, টরন্টোতে হাজার হাজার দর্শক-শ্রোতা-ভক্তকে একসঙ্গে দেখে আমি অভিভূত। বিদেশের মাটিতে দেশের গান গেয়ে সত্যিই ভালো লাগছে।

