জুলাই গণঅভ্যুত্থানের উত্তাল সময়ে ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী কর্মসূচি ঘোষণা করে। সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলনরত প্ল্যাটফর্মটি ৫ আগস্ট রাজধানীতে শ্রমিক ও নারী সমাবেশ এবং ৬ আগস্ট সারাদেশ থেকে ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির ঘোষণা দেয়।
২০২৪ সালের ৪ আগস্ট দুপুরে এক বিবৃতিতে এসব কর্মসূচির কথা জানান আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।
বিবৃতিতে জানানো হয়, ৫ আগস্ট সারাদেশে শহীদদের স্মরণে নিহত হওয়ার স্থানগুলোতে শহীদ স্মৃতিফলক উন্মোচন করা হবে। একই দিন রাজধানীতে সকাল ১১টায় শাহবাগে শ্রমিক সমাবেশ এবং বিকেল ৫টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নারী সমাবেশের আয়োজন করা হবে।
পরদিন ৬ আগস্টের কর্মসূচি হিসেবে ‘লংমার্চ টু ঢাকা’র ঘোষণা দিয়ে নাহিদ ইসলাম সারাদেশের ছাত্র, নাগরিক ও শ্রমিকদের ঢাকায় আসার আহ্বান জানান।
ঢাকামুখী এই কর্মসূচির স্লোগান নির্ধারণ করা হয়— ‘ছাড়তে হবে ক্ষমতা, ঢাকায় আসো জনতা।’ এদিন দুপুর ২টায় রাজধানীর শাহবাগে জমায়েত হওয়ার ঘোষণাও দিয়েছিলেন আন্দোলনের সমন্বয়কেরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিবৃতিতে দেশের প্রতিটি এলাকা, পাড়া, গ্রাম, উপজেলা ও জেলায় ছাত্রদের নেতৃত্বে সংগ্রাম কমিটি গঠনের আহ্বান জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ‘যদি ইন্টারনেট ক্র্যাকডাউন হয়, আমাদেরকে গুম, গ্রেফতার, খুনও করা হয়, যদি ঘোষণা করার কেউ নাও থাকে একদফা দাবিতে সরকার পতন না হওয়া পর্যন্ত সবাই রাজপথ দখলে রাখবেন এবং শান্তিপূর্ণভাবে অসহযোগ আন্দোলন অব্যাহত রাখবেন।’
৪ আগস্ট ২০২৪-এর এই ঘোষণা জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় আন্দোলনের পরবর্তী দিনের কর্মসূচি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

